আদালতের নির্দেশ অমান্য করে রাস্তা নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার মেয়রের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করে একটি রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
মামলার এজাহার থেকে জানা গেছে, পৌরসভার যোগীপুকুর এলাকায় মিজানুরের সোয়া এক শতক জমি রয়েছে। পৌরসভা কোনো প্রকার দরপত্র ছাড়া ওই জমি পর্যন্ত ইট ফেলে রাস্তা নির্মাণের জন্য উদ্যোগ নেয়। মেয়র ওই রাস্তা নির্মাণের জন্য মান্নানের প্রায় এক শতক জায়গা দখল করেন। এর পরিপ্রেক্ষিতে মান্নান বাদী হয়ে বগুড়ার সহকারী জজ আদালতে তোফাজ্জল, মিজানুরসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন ও রাস্তা নির্মাণ বন্ধের জন্য নিষেধাজ্ঞা চান। পরে আদালত বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার শুনানি না হওয়া পর্যন্ত ওই জায়গায়ই রাস্তা নির্মাণ বন্ধের জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এ-সংক্রান্ত নির্দেশ সান্তাহার পৌরসভা বরাবর পাঠানো হলে পৌর কর্তৃপক্ষ তা গ্রহণ করে। কিন্তু ৩ জুলাই ওই নির্দেশ অমান্য করে মেয়র তাঁর লোকজন নিয়ে ওই স্থানে রাস্তা নির্মাণ করেন।
মান্নান বলেন, 'ন্যায়বিচার পাওয়ার জন্য আদালতের শরণাপন্ন হয়েছি। মেয়র আদালতের নির্দেশ অমান্য করে আমার জায়গায় জোর করে রাস্তা তৈরি করছেন।’ তবে মেয়র তোফাজ্জল হোসেন বলেন, ‘আদালতের নির্দেশের বিষয় আমি জানি না। কেউ আমাকে এ বিষয় জানাননি। আইন মেনেই রাস্তা তৈরির কাজ করা হয়েছে।’