আদালতের নির্দেশ উপেক্ষা উচ্ছেদ হয়নি ইটভাটাটি
সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের নির্দেশের পরও উচ্ছেদ হয়নি লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার এসএনভি নামের অবৈধ ইটভাটাটি৷
এ ব্যাপারে জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘হাইকোর্টের আদেশটি কেন এখনো পুরোপুরি বাস্তবায়ন করা হলো না তা খতিয়ে দেখছি।’ কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রাব্বী বলেন, ‘উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা মৌজার ওই ইটভাটার আগুন দুই দফায় নিভানো হয়েছে৷ একবার ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। তবে ভাটাটি সরিয়ে নিতে কিছু সময় লাগবে বলে জানতে পেরেছি।’
উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম গ্রামের বাসিন্দা ক্ষতিগ্রস্ত শিরীন তাবাস্সুম রায়হান বলেন, ‘ওই ইটভাটার পাশে আমার ৮১ শতক জমি রয়েছে। ২০১০ সালে ইটভাটাটি চালু হওয়ার পর থেকে আমার এই জমি একরকম পড়ে আছে। জমির বর্গাদারদের মাঝেমধ্যেই ইটভাটার লোকজন হুমকিধামকি দেয়। আমি এ ব্যাপারে ৭ এপ্রিল কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।’
ইটভাটা মালিক নজরুল ইসলাম বলেন, ‘দ্রুত ইটভাটা সরিয়ে নেওয়ার চেষ্টা করছি৷’ সরিয়ে নিতে কত দিন সময় লাগবে জানতে চাইলে তিনি সুনির্দিষ্ট করে কোনো সময়ের কথা উল্লেখ করেনি৷
জানা যায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই ইট পোড়ানোর অভিযোগে জেলা প্রশাসন ২০১১ সালের ৫ জানুয়ারি ভাটাটি বন্ধ করে দেয়৷ এর বিরুদ্ধে ভাটার মালিক হাইকোর্টে িরট আবেদন করেন। হাইকোর্ট ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি আবেদনটি খারিজ করেন ও এক মাসের মধ্যে ইটভাটার কার্যক্রম বন্ধ করে সমস্ত অবকাঠামো সরিয়ে ফেলার আদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে ভাটার মালিক আপিল করেন৷ ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন৷ এর পরও ইটভাটা বন্ধ না করায় ক্ষতিগ্রস্ত শিরীন তাবাস্সুম রায়হান চলতি বছরের ৩ এপ্রিল লালমনিরহাট জেলা প্রশাসকের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করেন। এরপর প্রশাসন দুই দফায় ভাটার আগুন বন্ধ এবং একবারজনরমানা করে৷ কিন্তু এরপরও ইটভাটাটি বন্ধ হয়নি৷