আদালতের নির্দেশ উপেক্ষা করছেন সাব-রেজিস্ট্রার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশ উপেক্ষা করে পটুয়াখালীর বাউফল উপজেলা সাব-রেজিস্ট্রার একজন দলিল লেখকের সম্পাদিত দলিল নিবন্ধন করছেন না বলে অভিযোগ উঠেছে। উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়, কোনো কারণ ছাড়াই গত ১৪ জুন সাব-রেজিস্ট্রার আবদুর রব দলিল লেখক আলতাফ হোসেনের লিখিত ও সম্পাদিত দলিল নিবন্ধন করতে অস্বীকৃতি জানান এবং ভবিষ্যতে তাঁকে দলিল লিখতে নিষেধ করেন। এ ব্যাপারে আলতাফ হোসেন গত ৫ আগস্ট বাউফল সহকারী জজ আদালতে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা করেন। আদালতের ভারপ্রাপ্ত বিচারক জ্যেষ্ঠ সহকারী জজ শামসুল হক ২৪ সেপ্টেম্বর আলতাফ হোসেনের লিখিত ও সম্পাদিত দলিল নিববন্ধন করার জন্য সাব-রেজিস্ট্রারকে আদেশ দেন। আদালতের আদেশের কার্যকারিতা স্থগিতে ২১ অক্টোবর একই আদালতে সাব-রেজিস্ট্রার আপিল করেন। আদালত ২২ নভেম্বর আপিল নামঞ্জুর করেন। কিন্তু এরপরও আলতাফ হোসেনের লেখা দলিল নিবন্ধন করছেন না সাব-রেজিস্ট্রার। সাব-রেজিস্ট্রার বলেন, ‘আদালতের নির্দেশনা থাকলেও বিভিন্ন সমস্যার কারণে আলতাফ হোসেনের দলিল নিবন্ধন করা হচ্ছে না।’ তবে সমস্যার ব্যাপারে বিস্তারিত বলতে তিনি অস্বীকৃতি জানান।