আদালতের নির্দেশ উপেক্ষা করে ১৩টি অনগ্রসর পরিবার উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের কারণ দর্শানো নোটিশ উপেক্ষা করে ফরিদপুরে অনগ্রসর সম্প্রদায়ের (রবিদাস) ১৩টি পরিবারের ৬৬ জন সদস্যকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুরের ডেপুটি কালেক্টর নেজারত (এনডিসি) শাহরিয়ার মতিন। গতকাল মঙ্গলবার শহরের গোয়ালচামট এলাকার শরীয়তুল্লাহ বাজারসংলগ্ন রবিদাস পল্লিতে দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। উচ্ছেদ হওয়া ওই পরিবারগুলোর সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছে।রবিদাস সম্প্রদায় সূত্রে জানা গেছে, প্রায় ৩০০ বছর আগে তাদের পূর্বপুরুষদের ভারতের বিহার থেকে ফরিদপুরে আনা হয়। তাদের পেশা ছিল গরু ও মহিষের চামড়া দিয়ে যোদ্ধাদের বুকের ও হাতের বর্ম বানানো। পরবর্তী সময়ে এই রবিদাস সম্প্রদায়ের সাত সদস্য ফরিদপুর শহরের হাজী শরীয়তুল্লা কাঁচাবাজারে ৩৭ শতাংশ জমি কিনে বসবাস শুরু করেন। কিন্তু ১৯৬১ সালে ফরিদপুরের প্রশাসন ওই জায়গাটি বাজার তৈরির জন্য অধিগ্রহণ করে। ১৯৬২ সালে শরীয়তুল্লাহ বাজারসংলগ্ন রথখোলা যৌনপল্লির ১১ শতাংশ জায়গা পাট ও বাঁশ হাটের জন্য জমির মালিক হিরেন্দ্রনাথ মজুমদারের কাছ থেকে অধিগ্রহণ করে অনগ্রসর সম্প্রদায়ের লোকদের সেখানে পুনর্বাসিত করে সরকার। গতকাল উচ্ছেদের আগ পর্যন্ত সেখানে ১৩টি পরিবারের ৬৬ জন সদস্য বাস করত।হিরেন্দ্রনাথের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯৭৬ সালে ওই জমি সরকার তাঁকে ফিরিয়ে দিলেও তিনি দখল নিতে পারেননি। ১৯৯২ সালে দখল উচ্ছেদের মামলা করেও পরাজিত হন তিনি। হিরেন্দ্রনাথ ওই জমির দখল বুঝে নেওয়ার জন্য গত আগস্ট মাসে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। গত ২৭ আগস্ট জেলার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সরেজমিনে ওই জমি পরিদর্শন করেন। এ-সংক্রান্ত তদন্ত প্রতিবেদনে বলা হয়, ওই জমির মালিক হিরেন্দ্রনাথ মজুমদার গং। সেখানে ১৩টি পরিবার কাঁচা ঘরবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন থেকে ভোগদখল করছে। দখলদারেরা জানান, তাঁদের নিজস্ব জমি হাজী শরীয়তুল্লাহ বাজার নির্মাণ প্রকল্পে অধিগ্রহণের পর তাঁদের এই জমিতে পুনর্বাসন করা হয়েছে। কিন্তু তাঁরা তাঁদের দাবির পক্ষে কোনো কাগজ উপস্থাপন করতে পারেননি। নথিতে এ বিষয়ে কোনো তথ্যও পাওয়া যায়নি মন্তব্য করে তদন্ত কমিটি সুপারিশ করে, ১০৩ নং গোয়ালচামট মৌজার ৪২৬৫ নং দাগের ১১ শতাংশ জমিতে মোট ১৩টি পরিবার অবৈধভাবে দখলে রয়েছে। উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে।গত ১৮ সেপ্টেম্বর জেলার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শাহরিয়ার মতিন এক নোটিশে গোয়ালচামট মৌজায় ৪২৬৫ নং দাগে ১১ শতাংশ জমি মূল মালিকের পক্ষে অবমুক্ত করার কথা বলে নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে জমির দখল ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।গত ২৭ সেপ্টেম্বর রবিদাস পল্ল্লির লোকজন সদর সহকারী জজ আদালতে মামলা করলে আদালত জেলা প্রশাসক ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তাকে আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেন।রবিদাস সম্প্রদায়ের পক্ষে এই মামলার আইনজীবী আমিনুল ইসলাম বলেন, ‘এ জমি থেকে রবিদাস সম্প্রদায়ের লোকদের উচ্ছেদের কোনো আইনগত অধিকার এনডিসির নেই। এ ব্যাপারে আদালতে মামলা ও শোকজ নোটিশ জারি করা হয়েছে। এর জবাব না দিয়ে উচ্ছেদ অভিযান চালানোয় আদালত অবমাননা হয়েছে।’এ ব্যাপারে এনডিসি শাহরিয়ার মতিন বলেন, ‘এটি বেসরকারি মালিকানাধীন সম্পত্তি। এই উচ্ছেদ অভিযানে আমার কোনো ভূমিকা নেই। ওই সময় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য সেখানে গিয়েছিলাম।’