আদালতের নির্দেশ উপেক্ষা ভোলায় গাছ কর্তন
আদালতের নির্দেশ উপেক্ষা করে ভোলা শহরের সৌন্দর্যবর্ধনকারী বিভিন্ন প্রজাতির আড়াই শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। এ গাছগুলো ভোলার আলতাজের রহমান সড়কের দুই পাশে ছিল। ভোলা জেলা পরিষদ নালা নির্মাণ ও গ্যাস পাইপলাইনের কাজ করার জন্য ১৫৬টি গাছ কাটার জন্য গত মাসে দরপত্র আহ্বান করে। কিন্তু এ কাজ পেয়ে সংশ্লিষ্ট ঠিকাদারসহ কয়েকজন আরও শতাধিক গাছ কেটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।সরেজমিন গুনে দেখা যায়, ২২০টির বেশি গাছ কাটার চিহ্ন রয়েছে। অনেক গাছ কাটার চিহ্ন মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।জেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, ভোলা আলতাজের রহমান খেয়াঘাট সড়কের উভয় পাশে নালা ও গ্যাস পাইপলাইনের উন্নয়নমূলক কাজ করার জন্য জেলা পরিষদের ১৫৬টি গাছ কাটার জন্য গত মাসের প্রথম সপ্তাহে নিলামের ডাক দেওয়া হয়। নিলামে ওই গাছগুলো কিনে নেওয়ার সুযোগ পান স্থানীয় ঠিকাদার রেজভী ।সদর উপজেলার চৌমহনী এলাকার সেন্টু ও নুরুল আমিন মাল অভিযোগ করেন, আলতাজের রহমান সড়কটি ভোলা শহর থেকে খেয়াঘাট পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার। সড়কের দুই পাশে নিজস্ব জমিতে স্থানীয় লোকজন ৫০ বছর আগে গাছের চারা লাগায়। জেলা পরিষদ সড়কের পাশের ওই জমি অধিগ্রহণ না করে গাছগুলোর মালিকানা দাবি করছে।এলাকাবাসীর অভিযোগ, এলাকাবাসীর পক্ষে নুরুল আমিন মাল গাছের মালিকানা দাবি করে গত ১৩ নভেম্বর ঠিকাদারসহ পাঁচজনকে আসামি করে জেলা জজ আদালতে মামলা করেন। আদালত ১৪ নভেম্বর মামলার রায় না হওয়া পর্যন্ত গাছ কাটা বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু এ আদেশ উপেক্ষা করে রাতের আঁধারে গাছ কাটা হচ্ছে।গাছ কাটা অব্যাহত থাকায় গত শুক্রবার এলাকাবাসী দুর্নীতি দমন কমিশন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, বরিশাল বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন কার্যালয়ে লিখিত অভিযোগ পাঠিয়েছে।লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত বছরই আলতাজের রহমান সড়কের দুই পাশে নালা ও গ্যাস পাইপলাইন টানা হয়েছে। ঠিকাদার ও জেলা পরিষদের কর্মচারীরা লুটপাট করার জন্য মাত্র তিন লাখ টাকায় ১০ লাখ টাকার গাছ নিলামে দিয়েছেন। এ ছাড়া ১৫৬টি চিহ্নিত গাছ কাটার কথা থাকলেও আড়াই শর মতো গাছ কাটা হয়েছে। জেলা পরিষদের অফিস সহকারী রায়হান মল্লিক ও ঠিকাদার রেজভী যোগসাজশ করে যে ৫৪টি বড় গাছ কেটেছেন, সেগুলোর আনুমানিক মূল্য তিন লাখ টাকার বেশি।জেলা পরিষদের অফিস সহকারী রায়হান মল্লিক ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন।ঠিকাদার রেজভী বলেন, ‘নিয়মের বাইরে কোনো গাছ আমরা কাটিনি। এলাকাবাসীই রাতের আঁধারে গাছগুলো কেটে আমার নামে বদনাম রটাচ্ছে।’ জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম বলেন, ‘কাটার ধরন দেখে আমার সন্দেহ হওয়ায় আমি গাছগুলো কাটতে নিষেধ করেছি। তার পরও কেন কাটছে, তা না জেনে বলতে পারব না।’