আদালতের নির্দেশ বাস্তবায়নে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের আদালত প্রাঙ্গণসহ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিটি করপোরেশনের কার্যালয়-সংলগ্ন ফুটপাতে অবৈধ দখলদারদের নাম, ঠিকানা ও পরিচয় বের করতে আদালতের নির্দেশনা বাস্তবায়নে কমিটি গঠন করেছে সিটি করপোরেশন। গতকাল সোমবার বেলা ১১টায় সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয়ে জরুরি সভার মধ্য দিয়ে এই কমিটি গঠন করা হয়।

সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তর জানায়, সিলেট জেলা আইনজীবী সমিতির একটি আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ মে সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো এক আদেশে জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান-সংলগ্ন ফুটপাতে অবৈধ দখলদার, নেপথ্যে থাকা দখলদারপক্ষের ব্যক্তিদের নাম, ঠিকানা তদন্ত করে সাত দিনের মধ্যে তা আদালতে দাখিল করতে সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছিলেন।

বিচারিক আদালতের এ নির্দেশনা বাস্তবায়নে প্রথম সভা হয় গতকাল। সভায় সর্বসম্মতিক্রমে মেয়র আরিফুল হক চৌধুরীকে সভাপতি ও সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল হোসেনকে সদস্যসচিব করে কমিটি গঠন করা হয়।

এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, কাউন্সিলর, জেলা প্রশাসনের প্রতিনিধি, আইনজীবী সমিতির প্রতিনিধি, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী তিন দিনের মধ্যে সিলেটের আদালত প্রাঙ্গণসহ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিটি করপোরেশন কার্যালয়-সংলগ্ন ফুটপাতে অবৈধ দখলদারদের সরে যাওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়ে মাইকে প্রচারণা চালানোর সিদ্ধান্ত হয়।