আদালতের নির্দেশ ভঙ্গ করে ভবন দখলের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ ভঙ্গ করে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার জমিতে নির্মিত ভবন দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই ভবন নির্মাণপ্রতিষ্ঠানের এক কর্মকর্তা কয়েকজন লোক নিয়ে গতকাল সোমবার সকালে ওই ভবন দখলের চেষ্টা করেন। পরে এতিমখানা কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই লোকদের বের করে দেয়।
এতিমখানার শিক্ষার্থী ও কর্মকর্তারা অভিযোগ করেন, পুলিশ দখল করতে আসা লোকজনকে বের করে দিলেও এতিমখানা কর্তৃপক্ষ এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে চাইলে পুলিশ তা গ্রহণ করেনি।
এতিমখানা সূত্র জানায়, ২০০৩ সালে ভবন নির্মাণের জন্য একটি আবাসন প্রতিষ্ঠানকে এতিমখানার দুই বিঘা জমি দেওয়া হয়। বিদ্যালয় ভবন ভেঙে ও মাঠ ধ্বংস করে ওই ভবন তোলা হলেও এতিমখানার কোনো লাভ হয়নি। কারণ, এতিমখানার ওই সময়কার কমিটি ওই আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে বৈষম্যমূলক চুক্তি করে। চুক্তিতে নিচতলা থেকে পঞ্চম তলা পর্যন্ত এতিমখানার জন্য ভবনের ৩৫ শতাংশ এবং ওই আবাসন প্রতিষ্ঠানের জন্য ৬৫ শতাংশ রাখা হয়। ষষ্ঠ তলা থেকে ১৪ তলা পর্যন্ত এতিমখানার জন্য ১২ শতাংশ ও আবাসন প্রতিষ্ঠানের জন্য ৮৮ শতাংশ রাখা হয়। বিষয়টি আদালতে উত্থাপন করা হলে সম্প্রতি আদালত ওই ভবনে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।
এতিমখানা সূত্র জানায়, এই পরিস্থিতিতে গতকাল সকালে হঠাৎ করেই ৪০-৫০ জন লোক নিয়ে ওই আবাসন প্রতিষ্ঠানের কর্মকর্তা নির্মিত ভবন দখলের চেষ্টা করেন।
সূত্র জানায়, দখল করতে আসা লোকজনকে আদালতের স্থিতাবস্থার কথা বললেও তাঁরা শুনতে রাজি হননি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ গিয়ে দখল করতে আসা লোকজনকে বের করে দেয়।