আদালতের নির্দেশনা উপেক্ষা করে চলছে নির্মাণকাজ
মাদারীপুরের কালকিনি উপজেলার কাজিবাকাই ইউনিয়নের পশ্চিম খান্দুলী গ্রামের তিন ব্যক্তির বিরুদ্ধে আদালতের নির্দেশনা উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে আধা পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই গ্রামের মজিবুর রহমান, সোবাহান মুন্সি ও কবির সরদার একই গ্রামের আরজু বেগমের কাছ থেকে ৩৫ নম্বর পূর্ব খান্দুলী মৌজার ১১৯ নম্বর খতিয়ানের বিআরএস ১৭৫ নম্বর দাগে আট শতাংশ জমি কেনেন। এরপর ওই জমিতে তাঁরা নির্মাণকাজ করতে গেলে আরজু বেগমের ভাই শহিদুল ইসলাম জমিটি কেনার জন্য মাদারীপুর জেলা জজ আদালতে গত ২১ জানুয়ারি প্রিয়েমশন (অগ্রক্রয়) মামলা করেন। শহিদুল ইসলাম অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলে আদালত এ বিষয়ে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার জন্য ৩০ জানুয়ারি নির্দেশ দেন। কিন্তু এই নির্দেশনা অমান্য করে ওই তিনজন নির্মাণকাজ অব্যাহত রাখেন। এরপর শহিদুল ইসলাম আদালতের নির্দেশনা না মানার অভিযোগ এনে ওই আদালতেই ৫ ফেব্রুয়ারি একটি মামলা করেন। আদালত এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। শহিদুল ইসলাম বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা জমিতে ঘর নির্মাণ করছে। পুলিশ বারবার নিষেধ করার পরও কোনো কাজ হচ্ছে না।’ অভিযুক্ত মজিবুর রহমান বলেন, ‘পুলিশ আমাদের কাজ করতে নিষেধ করে গেছে। কিন্তু নির্মাণসামগ্রী নষ্ট হতে পারে ভেবে কাজ বন্ধ রাখিনি।’ ডাসার থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ‘কাজ বন্ধে ওসি স্যারের নির্দেশে নোটিশ দিয়েছি। তবে মাঝেমধ্যে কাজ চলছে।’ ডাসার থানার ওসি এ কে এম শাহীন মণ্ডল বলেন, ‘রাতের আঁধারে কাজ করতে পারে। তবে এখন কাজ বন্ধ আছে।’