আদালতের নির্দেশনায় অংশ নিচ্ছে ১৬ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বোর্ডের অধীনে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় আদালতের নির্দেশনায় শেষ মুহূর্তে পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি পেয়েছে অন্তত ১৬ জন পরীক্ষার্থী। এ ছাড়া এ বছর বিভিন্ন অপরাধে কারাগারে আটক পাঁচজন শিক্ষার্থী কারা অভ্যন্তরে পরীক্ষার সুযোগ পাচ্ছে।
গতকাল বুধবার সন্ধ্যায় বোর্ড থেকে এ তথ্য জানা গেছে। আজ বৃহস্পতিবার থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে।
জানা যায়, বিভিন্ন অপরাধের কারণে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীরা কারা অভ্যন্তরে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি চেয়ে জেল সুপারের মাধ্যমে আবেদন জানায়। অপরদিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগবঞ্চিতরা আদালতের আদেশ নিয়ে পরীক্ষায় অংশ নিয়ে থাকে।
বোর্ড সূত্রে জানা যায়, এ বছর কারাগারের ভেতরে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি পেয়েছে পাঁচ জন। এর মধ্যে চট্টগ্রাম সরকারি কলেজের মানবিক বিভাগের একজন ও বিজ্ঞান বিভাগের দুজন এবং সাতকানিয়া সরকারি কলেজের মানবিক বিভাগের দুজন শিক্ষার্থী রয়েছে। তবে কারা কর্তৃপক্ষ বলছে, মাদ্রাসা বোর্ড ও শিক্ষা বোর্ড মিলে মোট ১৩ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে মাদ্রাসা বোর্ডের পাঁচজন এবং চট্টগ্রাম বোর্ডের আটজন পরীক্ষার্থী রয়েছে। চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পীযূষ দত্ত বলেন, ‘আমরা কারা কর্তৃপক্ষের কাছ থেকে যে তালিকা পেয়েছি তাতে পাঁচজনের নাম রয়েছে।’ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নেছার আলম বলেন, ‘কারা অভ্যন্তরে পরীক্ষা নেওয়ার সব প্রস্ততি আমরা নিয়েছি।’