আদালতের নির্দেশে অবশেষে মামলা নিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার পাইকপাড়া গ্রামে যুবকের গলাধাক্কায় প্রাণ হারান সত্তরোর্ধ্ব জোবেদা বেগম। আদালতের নির্দেশে হত্যাকাণ্ডের ২৩ দিন পর অবশেষে মামলা নিয়েছে থানা-পুলিশ।
নিহত জোবেদার পরিবার সূত্রে জানা গেছে, ক্যারম বোর্ড ভাঙাকে কেন্দ্র করে গত ২৯ জানুয়ারি এক যুবকের ধাক্কায় পাইকপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর স্ত্রী জোবেদা বেগম নিহত হন। এ ঘটনার পর নিহত ব্যক্তির মেজ ছেলে রফিক খাঁ ২ ফেব্রুয়ারি ছয়জনকে আসামি করে অভয়নগর থানায় একটি অভিযোগ দেন। কিন্তু পুলিশ মামলাটি এজাহারভুক্ত না করায় তিনি ৮ ফেব্রুয়ারি অভয়নগর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলা করেন। বিচারিক হাকিম ওই দিন অভয়নগর থানার ওসিকে মামলা এজাহারভুক্ত করতে নির্দেশ দেন। এর ১৩ দিন পর ২১ ফেব্রুয়ারি ওসি মামলাটি নেন।
মামলার আসামিরা হলেন আকরামুজ্জামান কুদ্দুস, ইকবাল হোসেন, এনামুল হোসেন, নাসির শেখ, মারুফ শেখ ও ইমন শেখ ।
রফিক খাঁ বলেন, ‘আমার মার হত্যাকারীরা অত্যন্ত রাজনৈতিক প্রভাবশালী। এ কারণে পুলিশ মামলাটি এজাহারভুক্ত করতে চায়নি। এরপর কোর্টে মামলার ১৩ দিন পর ওসি সাহেব মামলা নিয়েছেন। তবে এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি।’
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দীন বলেন, ‘ময়নাতদন্তের জন্য অপেক্ষা করছিলাম। তার আগে আদালতে মামলা হয়েছে। আদালতের নির্দেশ পাওয়ার পর মামলা নিয়েছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’