আদালতের নির্দেশে ছয় ইউপির নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম, চাঁদপুরের মতলব দক্ষিণ ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত হয়েছে।
উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল শুক্র ও গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর:
বড়াইগ্রামের জোয়াড়ী ও মাঝগাঁও ইউপিতে ২৮ মে, দাউদকান্দির বারপাড়া, দৌলতপুর ও ইলিয়টগঞ্জ দক্ষিণ এবং মতলব দক্ষিণের খাদেরগাঁও ইউপিতে আগামী ৪ জুন নির্বাচন হওয়ার কথা ছিল।
নাটোর: সীমানা-সংক্রান্ত জটিলতার কারণে জোয়াড়ী ও মাঝগাঁও ইউপির নির্বাচন স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বড়াইগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
দাউদকান্দি (কুমিল্লা): বর্তমান চেয়ারম্যানদের মেয়াদ পূর্ণ না হওয়ায় বারপাড়া, দৌলতপুর ও ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউপিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসেন গতকাল বিষয়টি নিশ্চিত করেন।
দৌলতপুর ইউপির নির্বাচন ২০১৭ সালের ২৩ জুন পর্যন্ত এবং বারপাড়া ও ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউপির নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
মতলব দক্ষিণ (চাঁদপুর): চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউপির নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল আজিজ এ কথা জানান।