প্রথম আলোর প্রতিনিধিসহ অভিযোগকারীদের হুমকি
আদালতের নির্দেশে বিরামপুরে বন্ধ হলো ছয়টি কারখানা
দিনাজপুরের বিরামপুর পৌর শহরের আবাসিক এলাকায় অবৈধ ছয়টি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।
গত রোববার বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মনিরুজ্জামান আল মাসউদ পরিবেশ অধিদপ্তরের বগুড়া অঞ্চলের পরিচালকের উপস্থিতিতে এগুলো বন্ধ করে দেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে কারখানাগুলো বন্ধ করা হয়।
বন্ধ করে দেওয়া ছয়টি কারখানা হলো লোকমান হোসেনের নিশাত অয়েল মিল ও ভাই ভাই অয়েল মিল, জাহাঙ্গীর আলমের জুঁই অয়েল মিল, জাকির হোসেনের জাকির অয়েল মিল, মনসুর আলমের সেবা ডাল মিল এবং শহিদুল আলমের মা অয়েল মিল।
এ দিকে কারখানাগুলো বন্ধ করে দেওয়ার পর এগুলোর মালিকেরা প্রথম আলোর বিরামপুর প্রতিনিধি এ এস এম আলমগীরসহ এলাকার অভিযোগকারীদের মিথ্যা মামলায় জড়ানোসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়েছেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, হুমকির বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বেলা সূত্র জানান, হাইকোর্টের একটি বেঞ্চ গত ২৩ সেপ্টেম্বর কারখানাগুলো বন্ধের আদেশ দেন। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, দিনাজপুরের জেলা প্রশাসক, বিরামপুরের ইউএনও, বিরামপুর পৌরসভার মেয়র, পরিবেশ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের পরিচালক ও ছয়টি কারখানার মালিককে পরিবেশসম্মত যন্ত্রপাতিসহ কেন কারখানাগুলোকে অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেওয়া হবে না—এ মর্মে কারণ দর্শাতে আদালত রুল জারি করেন।
বেলার বিভাগীয় সমন্বয়কারী (রাজশাহী ও রংপুর) তন্ময় কুমার সান্যাল জানান, এর আগে গত বছরের ২৩ অক্টোবর বেলার পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি নোটিশ পাঠানো হয়। কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। এরই পরিপ্রেক্ষিতে বেলা এ রিট আবেদন করে।
ভুক্তভোগী ইমরান হোসেন, পরশ মণ্ডল, আবুল হোসেন, গোলাপ রব্বানী, রকেট মণ্ডলসহ ১০-১৫ জন অভিযোগ করেন, পরিবেশ ছাড়পত্র ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পৌরসভা আইন ভঙ্গ করে বসতবাড়িসংলগ্ন ওই ছয়টি কারখানা দিন-রাত চলত। এগুলোতে মরিচ, হলুদ, বেসনসহ বিভিন্ন ধনের মসলা ভাঙানো হতো। বিষাক্ত পটকা মরিচের (একধরনের ভারতীয় মরিচ) ঝাঁজালো কণা ও গন্ধে বাতাস হয়ে পড়ত দূষিত। এ ছাড়া কলকারখানার বিকট শব্দের কারণে এলাকার শিশু, নারীসহ অনেকের কিডনি সমস্যা, চোখের প্রদাহ, হাঁপানি, ফুসফুসের সমস্যাসহ বিভিন্ন রোগ দেখা দেয়। ফলে এসব মিলকারখানা বন্ধে এলাকাবাসী পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), ইউএনও, পৌর মেয়রসহ সংশ্লিষ্ট কার্যালয়ে লিখিত অভিযোগ দেন।
উপজেলা পরিষদ কার্যালয় সূত্র জানায়, গত বছরের ১০ জুন তৎকালীন ইউএনও রোখছানা বেগম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে মনসুর আলম ও লোকমান হোসেনের কারখানা থেকে ২০ হাজার টাকা করে জরিমানা আদায় ও বিষাক্ত পটকা মরিচ জব্দ করেন।
পরিবেশ অধিদপ্তরের রংপুর অঞ্চলের উপপরিচালক ওসমান গনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত বছরের ৮ জুলাই সেখানে গেলে সেখানকার কারখানার মালিকেরা কোনো পরিবেশ ছাড়পত্র দেখাতে পারেননি। ওই এলাকায় ব্যাপক পরিবেশদূষণ হওয়ার কথা উল্লেখ করে তিনি এ বিষয়ে ঢাকায় প্রতিবেদন দিয়েছিলেন। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা না আসায় তাঁরা কোনো ব্যবস্থা নেননি বলে ওসমান গনি জানান।
পৌর মেয়র আজাদুল ইসলাম জানান, জনপ্রতিনিধি হিসেবে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দুষ্কর।