বগুড়ার শেরপুর থেকে মালয়েশিয়ায় পাচার হওয়ার পর ১১ জন নিখোঁজের ঘটনায় আদালতের নির্দেশে গত সোমবার শেরপুর থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উপজেলার দড়িখাগা গ্রামের মোহাম্মদ আলী মণ্ডল বাদী হয়ে এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন উপজেলার বোয়ালকান্দি গ্রামের গাজীউর রহমান (৫৫), তাঁর স্ত্রী রেহেনা বিবি (৪৫), গাজীউরের মেয়ের জামাই শালফা গ্রামের মো. রনি (৩০), শৈলাপাড়া গ্রামের মো. সবুজ (২৮), দরশিকাপাড়া গ্রামের ইসমাইল হোসেন (২৫) ও সিরাজগঞ্জের কাজীপুর থানার পাঁচগাছি গ্রামের মো. ওয়াহাব (৩৫)।
বাদী মোহাম্মদ আলী অভিযোগ করেন, তাঁর ছেলে মামুনুর রশিদ মণ্ডলসহ (২৩) উপজেলার ১১ জনকে মালয়েশিয়ায় ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গাজীউরসহ মামলার অন্য আসামিরা ২০১৩ সালের ডিসেম্বর মাসে সমুদ্রপথে মালয়েশিয়ায় নিয়ে যান। এরপর থেকে তিনি তাঁর ছেলের সন্ধান পাননি। ছেলেকে ফিরে পেতে তিনি গাজীউরের স্ত্রী রেহেনা ও মেয়ের জামাই রনির কাছে তিন দফায় আড়াই লাখ টাকা দিয়েছেন। একইভাবে নিখোঁজ অন্যদের অভিভাবকেরা তাদের সন্তানদের সন্ধান ও ফিরে পেতে আসামিদের বিভিন্ন অঙ্কের টাকা দিয়েছেন। ছেলেদের ফিরিয়ে আনার আশ্বাস দিলেও তাঁরা আর ফিরিয়ে আনেননি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী চলতি বছরের এপ্রিল মাসে আদালতে ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। আদালতের নির্দেশে বগুড়ার গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রাথমিক তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়। এরপর আদালত লিখিত অভিযোগটি শেরপুর থানায় মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, এই মামলায় নিখোঁজ আরও ১০ জনের অভিভাবককে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া শেরপুরের বিভিন্ন গ্রামের নিখোঁজ ১১ জনের সন্ধান পেতে তাঁদের অভিভাবকেরা চলতি বছরের ৯ ও ১২ মার্চ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। নিখোঁজ হওয়া ব্যক্তিরা হলেন দড়িখাগা গ্রামের মামুনুর রশিদ মণ্ডল, মো. শাহাদত হোসেন (৩০) ও আতাউর রহমান (২৮), খানপুর গ্রামের মো. আল আমিন (২৭), দুলাল আকন্দ (২৮), মো. ফিরোজ (২৮) ও মো. আল মাহমুদ (২৫), বোয়ালকান্দি গ্রামের রেজাউল করিম শেখ (৩৫), শুবলী গ্রামের মো. ইউনুছ (২২) ও মো. মাসুদ রানা (২০) এবং শালফা গ্রামের শামীম সরকার (১৯)।
গত বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে যোগাযোগ করলে গাজীউর রহমানের মেয়ের জামাই রনি দাবি করেন, তাঁর শ্বশুর এখন মালয়েশিয়ায় রয়েছেন। তিনি ওই নিখোঁজের ঘটনার সঙ্গে জড়িত নন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার এসআই বুলবুল ইসলাম বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। মামলায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।