আদালতের নির্দেশে ২৩ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশে মৃত্যুর ২৩ দিন পর কবর থেকে আনারুল ইসলামের (৩৫) লাশ উত্তোলন করে আবার ময়নাতদন্তের জন্য গত বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ ও মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের উত্তর গমির গ্রামের কালু মাহমুদের ছেলে আনারুল ইসলাম গত ৩০ জানুয়ারি ধারালো অস্ত্রের আঘাত ও মারধরে গুরুত্বর আহত হন। পরদিন তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় তাঁর বড় ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ছয়জনকে আসামি করে ৬ ফেব্রুয়ারি দিনাজপুরের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আসামিরা হলেন মকবুল হোসেন, তাঁর স্ত্রী লাকী বেগম, শ্যালক দিলদার ও বাদল, চাচাতো ভাই রিয়াজুল ও শ্বশুর সমির মোহাম্মদ। এ ঘটনায় পরিবারের সদস্যরা বিরল থানায় মামলা করতে গেলে পুলিশ বিভিন্ন অজুহাতে অভিযোগ গ্রহণ না করে কালক্ষেপণ করে। পরে ৬ ফেব্রুয়ারি আদালতে মামলা করা হয়। কিন্তু হাসপাতাল থেকে দেওয়া সনদ, কোতোয়ালি পুলিশের সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনে অজ্ঞাত বিষক্রিয়ায় আনারুলের মৃত্যু হয়েছে উল্লেখ করা হয়েছে।আদালত সূত্রে জানা যায়, ৮ ফেব্রুয়ারি আদালতের বিচারক কবর থেকে আনারুলের মৃতদেহ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা বিরল থানার উপ-পরিদর্শক (এসআই) হরিদাস মহন্ত জানান, গত ২২ ফেব্রুয়ারি কবর থেকে আনারুলের লাশ উত্তোলন করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে মরদেহ গত বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।