আদালতের নির্দেশেও চাকরি নিয়মিত হয়নি বিআরডিবির ৪৬ কর্মীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের রায় ও মন্ত্রণালয়ের আদেশ থাকা সত্ত্বেও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ৪৬ জন কর্মকর্তা-কর্মচারীর চাকরি নিয়মিত বা আত্তীকরণ হচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যক্তিরা। তাঁদের দাবি, প্রায় ৩০ বছর চাকরি করার পরও চাকরি নিয়মিতকরণ না করায় তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এর মধ্যে ১৭ জন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেলেও আর্থিক সুবিধা পাচ্ছেন না। আবার অনেকের অবসরে যাওয়ার সময়ও ঘনিয়ে আসছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ১৯৮৫-৮৭ সালে বিআরডিবির রাজস্ব খাতে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, হিসাবরক্ষক, অফিস সহকারী ও স্টেনোগ্রাফার পদে নিয়োগ পান ৪৬ জন। পরে ১৯৯১ সালে বিআরডিবির রাজস্ব খাতের পদের সংখ্যা নির্ধারণ করার পর তাঁদের উদ্বৃত্ত জনবল হিসেবে ঘোষণা করা হয়। ওই সময় তাঁদের বিআরডিবির একটি প্রকল্পে (পল্লী জীবিকায়ন) পদায়ন করা হয়। তখন বলা হয়, রাজস্ব খাতের পদ শূন্য হলে তাঁদের আবারও রাজস্ব খাতে ফিরিয়ে আনা হবে। কিন্তু পরে রাজস্ব খাতের পদ খালি হলে নতুন নিয়োগ দিয়ে শূন্যপদ পূরণ করা হয়।
এ নিয়ে ২০০৯ সালে আদালতে মামলা করেন ভুক্তভোগী ব্যক্তিরা। ২০১৪ সালে ফেব্রুয়ারিতে আদালত তাঁদের পক্ষে রায় দেন। তাতে ওই ৪৬ জনকে আগের পদ ভিত্তি ধরে পদ ও বেতন-ভাতাসংক্রান্ত সুযোগ-সুবিধা নির্ধারণ করে বিআরডিবির রাজস্ব খাতে আত্তীকরণ বা নিয়মিত করার নির্দেশ দেন আদালত। এরপর গত বছরের জুনে এই ৪৬ জনকে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিতে বিআরডিবিকে চিঠি দেয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। এই চিঠিতে প্রত্যেকের আলাদা বেতন নির্ধারণ করে প্রয়োজনীয় অর্থের পরিমাণ উল্লেখ করে বাজেট প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়। এই নির্দেশনা অনুযায়ী ৪২ জনকে পদায়ন করা হলেও চাকরি নিয়মিত বা আত্তীকরণ করা হচ্ছে না।
এই বিষয়ে জানতে চাইলে বিআরডিবির মহাপরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম গতকাল প্রথম আলোকে বলেন, আদালতের রায় না মানার কোনো কারণ নেই। বিষয়টি প্রক্রিয়াধীন। কিছু কাজ হয়েছে। বাকি কাজও বিধি মোতাবেক হবে।