আদালতের নির্দেশেও পাচ্ছেন না বেতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালত নির্দেশ দেওয়ার পরও গাইবান্ধায় মাধ্যমিক বিদ্যালয়ের তিনজন সহকারী গ্রন্থাগারিক প্রায় দুই বছর ধরে বেতন-ভাতা পাচ্ছেন না।
জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, ২০১১ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সহকারী গ্রন্থাগারিক পদে সাঘাটা উপজেলার মথরপাড়া উচ্চবিদ্যালয়ে আবদুল মওলা, নয়ারবন্দর উচ্চবিদ্যালয়ে শাহাদৎ হোসেন ও ফুলছড়ি উপজেলার মানিককোড় উচ্চবিদ্যালয়ে আমিরুল ইসলাম যোগদান করেন। পরে তাঁরা এমপিওভুক্তির জন্য সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের মাধ্যমে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর আবেদন করেন।
জেলা শিক্ষা কার্যালয় ওই সব আবেদন শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে পাঠায়। চাকরি এমপিওভুক্ত না হওয়ায় তাঁরা ২০১১ সালের ২০ নভেম্বর উচ্চ আদালতে রিট আবেদন করেন।
উচ্চ আদালতের একটি ডিভিশন বেঞ্চ শুনানি শেষে ওই দিনই এক আদেশে তিন সহকারী গ্রন্থাগারিককে যোগদানের তারিখ থেকে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। এক মাসের মধ্যে বেতন-ভাতা প্রদানের নির্দেশ দেওয়া হলেও ১৩ জুলাই পর্যন্ত সেই নির্দেশ বাস্তবায়িত হয়নি।