আদালতের নির্দেশেও মামলা নেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশের পরও মামলা নিতে গাফিলতির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। একটি হামলার ঘটনায় আহত ব্যক্তির পক্ষে তাঁর স্ত্রী মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। ওই ব্যক্তি প্রায় দেড় মাস চিকিৎসাধীন থাকার পর মারা গেলে অবশেষে পুলিশ মামলা নিয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায়।উপজেলার পুকুরিয়া গ্রামের রহিমা বেগম জানান, গত ২ অক্টোবর সকাল সাতটার দিকে তাঁর স্বামী উলফা মণ্ডল গ্রামের মাঠে কাজ করতে যান। এ সময় ছয় থেকে সাতজন সন্ত্রাসী তাঁকে বেদম পিটিয়ে মাঠে ফেলে রেখে চলে যায়। সেখান থেকে প্রতিবেশীরা উদ্ধার করে তাঁকে হাসপাতালে নেন। যশোর ২৫০ শয্যার হাসপাতালে ১০ নভেম্বর উলফা মণ্ডল মারা যান।রহিমা বেগম জানান, তাঁর স্বামী গ্রামে একটি লুটপাটের ঘটনায় প্রতিবাদ করেছিলেন। এ কারণে কিছু সন্ত্রাসী তাঁর ওপর ক্ষিপ্ত ছিল। তিনি আরও জানান, গ্রামের উজ্জল ও তার সহযোগীরা উলফা মণ্ডলকে পিটিয়ে হত্যা করছে।রহিমা বেগম জানান, ঘটনার পর তিনি থানায় মামলা করতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ মামলা নেয়নি। এরপর তিনি ১৮ অক্টোবর ঝিনাইদহ জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে একটি আরজি দাখিল করেন। আদালতের বিচারক পারভেজ শাহরিয়ার আরজিটি এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। কিন্তু তাঁর স্বামীর মৃত্যুর দিন পর্যন্ত পুলিশ মামলাটি নথিভুক্ত করেনি। তাঁর স্বামী ১০ নভেম্বর মারা গেলে ১১ নভেম্বর পুলিশ মামলাটি নথিভুক্ত করে। মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান জানান, তিনি তদন্ত শুরু করেছেন। ইতিমধ্যে মামলাটি হত্যা মামলায় রূপান্তরের ব্যবস্থা করেছেন।ওসি সৈয়দ কামরুজ্জামান জানান, তিনি আদালতের নির্দেশনাটি যেদিন পেয়েছেন, সেদিনই মামলা নথিভুক্ত করেছেন। রহিমা বেগম ইতিপূর্বে মামলা দিতে এসে ফিরে গেছেন বলে যেটা দাবি করেছেন, তা ঠিক নয়। অবশ্য বাদীপক্ষের আইনজীবী দবির হোসেন জানান, আদালত থেকে ২৩ অক্টোবর ৪০৫ নম্বর স্মারকে আরজিটি থানায় গেছে।