আদালতের নির্দেশেও সন্তান পাননি মা
পাঁচ বছরের শিশুসন্তানকে ফিরে পেতে মা সীমা খাতুন আদালতে মামলা করেছিলেন। এক মাস আগে আদালত শিশুটিকে বাবার কাছ থেকে উদ্ধার করে মায়ের কাছে দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। কিন্তু এখনো মা তাঁর সন্তান ফিরে পাননি।সীমার পরিবার সূত্রে জানা গেছে, নগরের শিরোইল কলোনি এলাকার বাবলু হোসেনের মেয়ে সীমা খাতুনের সঙ্গে ২০০৬ সালে শিরোইল স্টেশনপাড়ার আনারুল হকের ছেলে হাবিবুর রহমানের বিয়ে হয়। বিয়ের পর থেকে হাবিবুর যৌতুকের দাবিতে সীমার ওপর নির্যাতন করতেন। এরই মধ্যে তাঁদের সংসারে একটি পুত্রসন্তান জন্ম নেয়। এদিকে যৌতুকের দাবিতে হাবিবুর সীমাকে বেশ কিছুদিন আগে তাঁর বাবার বাড়ি পাঠিয়ে দেন। এরপর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার পর হাবিবুর স্ত্রীকে পরে নিয়ে যাবে বলে ছেলে অনিককে ১৬ এপ্রিল নিজের বাড়িতে নিয়ে যান। এরপর তিনি আর স্ত্রী সীমাকে নিয়ে যাননি। বরং গত ১৯ এপ্রিল হাবিবুর তাঁর স্ত্রীকে তালাকের নোটিশ পাঠান। সীমা তাঁর সন্তান ফিরে পাওয়ার জন্য স্বামীর বিরুদ্ধে রাজশাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। ব্লাস্টের সহায়তায় পরিচালিত মামলাটি পর্যালোচনা করে আদালত গত ৯ সেপ্টেম্বর শিশু অনিককে উদ্ধার করে তার মায়ের কাছে ফেরত দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন। কিন্তু পুলিশ অনিককে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিতে পারেনি।বোয়ালিয়া থানার ওসি মোকাররম হোসেন বলেন, ‘কলোনি এলাকা হওয়ার কারণে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর হাবিবুরও পলাতক। একাধিকবার শিশুটিকে উদ্ধারের অভিযান চালানো হয়েছে। পুলিশ গেলেই এ হাত-ও হাত হয়ে শিশুটিকে লুকিয়ে ফেলা হয়। তবে চেষ্টা এখনো অব্যাহত রয়েছে।’