রংপুর এলজিইডির প্রকৌশলীর নামে দুর্নীতির অভিযোগে মামলা
আদালতের নির্দেশের চার মাসেও তদন্ত শুরু করেনি দুদক
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), রংপুরের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদসহ ১২ জনের বিরুদ্ধে করা দুটি মামলার তদন্ত গত চার মাসেও শুরু করতে পারেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত বছরের ২৩ সেপ্টেম্বর ও ২২ অক্টোবর দুর্নীতি দমন প্রতিরোধ আইনের একটি ধারায় রংপুরের বিশেষ জজ আদালতে মামলা দুটি দায়ের করা হয়। বিচারক মামলা হওয়ার দিনই দুদকের রংপুর কার্যালয়কে অভিযোগ তদন্ত করে পৃথকভাবে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
জানা গেছে, পীরগঞ্জ উপজেলার চতরাহাট-গাংজোয়ার সড়কের ৯০০ মিটার পাকা করার জন্য অগ্রাধিকারভিত্তিক গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে (আইআরআইডিপি) সরকার ৪০ লাখ ৩৮ হাজার ৯০১ টাকা বরাদ্দ দেয়। এলজিইডির রংপুর কার্যালয় ২০১২ সালের ৮ জানুয়ারি দরপত্র আহ্বান করে। রংপুরের খান ব্রাদার্সের মালিক আবদুল বাতেন কার্যাদেশ পাওয়ার পর ওই সড়কের কাজ না করে অন্যত্র নামমাত্র একটি সড়ক নির্মাণ করেন। এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা মুকুল মিয়া নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। এই মামলার অপর আসামিরা হলেন পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী ফজলুল হক, উপসহকারী প্রকৌশলী লুৎফর রহমান, ঠিকাদার আবদুল বাতেন ও মাহমুদুন্নবী চৌধুরী পলাশ।
এলজিইডির তত্ত্বাবধানে কাউনিয়া উপজেলার বল্লভবিশু গ্রামে ট্রাস্টি প্রতিষ্ঠান দুস্থ এতিম শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসনকেন্দ্র এবং সাবেরা খাতুন ইসলামিয়া শিশুসদনের তিনটি ভবন নির্মাণের জন্য আট কোটি ৭৬ লাখ ৯৭ হাজার ৮৩০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এলজিইডি ভবনগুলো নির্মাণের জন্য ২০১১ সালের ৪ জানুয়ারি দরপত্র আহ্বান করে। কিন্তু দরপত্র অনুযায়ী দুটি ভবন নির্মাণ না করার অভিযোগে ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন নির্বাহী প্রকৌশলীসহ সাতজনের বিরুদ্ধে আদালতে আরও একটি মামলা করেন। এ মামলার অপর আসামিরা হলেন কাউনিয়া উপজেলা প্রকৌশলী মজিবুর রহমান, উপসহকারী প্রকৌশলী বশির উদ্দিন সরকার, আমিনুল ইসলাম, ঠিকাদার সাইদুর রহমান, মেসার্স আলম কনস্ট্রাকশনের আলম হোসেন ও ঠিকাদার লাবু আহমেদ।
দুদক রংপুর সমন্বিত জেলার উপপরিচালক আবদুল করিম বলেন, মামলা দুটি আদালতে হওয়ার পর তদন্ত কর্মকর্তা নিয়োগের জন্য দুদকের ঢাকা কার্যালয়ে আবেদন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়নি।