আদালতের নির্দেশের দেড় মাসেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ
আদালতের নির্দেশের প্রায় দেড় মাস পরও একটি মামলায় আইনানুগ ব্যবস্থা না নেওয়ায় পটুয়াখালীর রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সাত দিনের মধ্যে মামলার অগ্রগতি সম্পর্কে জানাতে নির্দেশ দিয়েছেন গলাচিপার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত।
মামলার বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিহাবুল ইসলাম গত সোমবার এ নির্দেশ দেন।
বাদী বলেন, রাঙ্গাবালী সদর ইউনিয়নের সোহরাব দফাদারের স্ত্রী সাজেদা বেগমসহ চার আসামি গত ১৫ মে তাঁর (বাদীর) মেয়েকে (১৯) শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে আসেন। এরপর তাঁরা ঢাকার একটি নারী পাচারকারী চক্রের কাছে মেয়েটিকে বিক্রি করে দেন।
এ ঘটনায় ২৫ জুন গলাচিপার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সাজেদা বেগমসহ চারজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন। আদালত ওই দিনই ঘটনাটি আমলে নিয়ে রাঙ্গাবালী থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
আদালতের এ আদেশের পর প্রায় দেড় মাসেও পুলিশ অভিযোগটি এজাহার হিসেবে নেয়নি। এ কারণে তিনি (বাদী) গত সোমবার মামলার প্রকৃত অবস্থা জানার জন্য আদালতে আবেদন করেন।
এরপর ভুক্তভোগী ওই তরুণী গত মঙ্গলবার বিকেলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিহাবুল ইসলামের কাছে জবানবন্দি দেন।
বাদী আরও বলেন, তাঁর অপহৃত মেয়ের কাছ থেকে মুঠোফোনে পাওয়া তথ্যের ভিত্তিতে ২৫ জুলাই বিভিন্ন লোকজনের সহযোগিতায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা থেকে তাঁকে উদ্ধার করেন। বাদী সোমবার সকালে অভিযোগ করেন, আদালতের নির্দেশের প্রায় দেড় মাসেও পুলিশ এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এদিকে রাঙ্গাবালী থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, সোমবার রাতে বাদীর কাছ থেকে বক্তব্য নিয়ে মামলা রেকর্ড করা হয়েছে।
পরদিন মঙ্গলবার পটুয়াখালী সদর হাসপাতালে ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
রাঙ্গাবালী থানার উপপরিদর্শক (এসআই) কমল চন্দ্র দে মুঠোফোনে বলেন, থানার ওসি মো. মনির হোসেন ছুটিতে রয়েছেন। তিনি কাজে যোগদান করার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।