আদালতের নির্দেশের পরও দায়িত্ব ফিরে পাননি চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশের পরও দায়িত্ব ফিরে পাচ্ছেন না কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ। এক রিট আবেদনের শুনানি শেষে গত ১৪ ফেব্রুয়ারি হাইকোর্ট ডিভিশনের বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফ শামীম আহমদকে চেয়ারম্যানের দায়িত্ব ফিরিয়ে দিতে রুল জারি করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১১ আগস্ট একটি মামলায় শামীম আহমদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ২১ আগস্ট উপজেলা পরিষদের এক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-১ পারভীন আক্তারকে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করা হয়। ২৯ আগস্ট জামিন লাভ করে শামীম আহমদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। এদিকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তারের অর্থ বিলে স্বাক্ষরের ক্ষমতা না থাকায় দীর্ঘ চার মাস উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বন্ধ থাকে। পরে চলতি বছরের ১৭ জানুয়ারি তাঁকে অর্থ বিলে স্বাক্ষরের ক্ষমতা প্রদান করা হয়। পরবর্তী সময়ে দায়িত্ব না পাওয়ায় শামীম আহমদের পক্ষে তাঁর কৌঁসুলি খন্দকার মাহবুব হোসেন আদালতে রিট আবেদন করেন। আবেদনের শুনানি শেষে আদালত ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তারের অর্থ বিলের ক্ষমতা অবৈধ ঘোষণা করেন। শামীম আহমদ চৌধুরী বলেন, রায় পাওয়ার পর তিনি আদালত থেকে সার্টিফাইড কপি স্থানীয় সরকার মন্ত্রণালয়, মৌলভীবাজারের জেলা প্রশাসক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তারের কাছে পাঠান। তার পরও তাঁকে চেয়ারম্যানের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।