উচ্চ আদালতের আদেশের পর ১৬ মাস পেরিয়ে গেলেও পটুয়াখালীর গলাচিপা পৌরসভার আড়তপট্টি এলাকায় রামনাবাদ নদীর তীরের জায়গা দখল ও ভরাট করা জায়গার স্থাপনা এখনো অপসারণ করা হয়নি।নদীর তীরের ওই জায়গা দখল ও ভরাট করাকে অবৈধ ঘোষণা করে ২০১১ সালের ৯ জুন সেখানকার স্থাপনা অপসারণের আদেশ দিয়েছিলেন আদালত। আদালতের ওই আদেশে ৬০ কর্মদিবসের মধ্যে রামনাবাদ নদীর তীরের দখল করা জায়গা থেকে সব স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়।এদিকে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নদীর তীরের ভরাট করা ওই জায়গায় টিন ও কাঠ দিয়ে দোকানঘর তুলছেন। প্রায় এক মাস ধরে দোকানঘর তোলার কাজ চলছে। স্থানীয় লোকজন জানান, ইতিমধ্যে সেখানে ছয়টি দোকানঘর তোলা হয়েছে। আর বালু দিয়ে ভরাট করা মাঠের মধ্যে চলছে ইট ও বালুর ব্যবসা।স্থানীয় সূত্রে জানা গেছে, আড়তপট্টিসংলগ্ন রামনাবাদ নদীর তীরের প্রায় সাড়ে আট একর জায়গা দখল করে স্থানীয় সাংসদ গোলাম মাওলা বিপণিবিতান ও শিশুপার্ক নির্মাণের জন্য ভরাট করেন। জায়গা ভরাটের জন্য স্থলভাগ থেকে প্রায় দেড় শ মিটার নদীর ভেতরে উঁচু দেয়াল নির্মাণ করা হয়। এ ঘটনায় ২০০৯ সালের ২১ আগস্ট প্রথম আলোয় ‘গলাচিপায় নদীর তীরের জায়গা দখল করে চলছে মার্কেট নির্মাণ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এ ব্যাপারে উচ্চ আদালতে রিট করে। পূর্ণাঙ্গ শুনানির পর বিচারপতি এ বি এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ ২০১০ সালে ৯ জুন রায়ে রামনাবাদ নদীর তীরের জায়গা ভরাট করা এবং সেখানে স্থাপনা নির্মাণ করাকে অবৈধ ঘোষণা করেন। পাশাপাশি ওই আদেশ পাওয়ার ৬০ কর্মদিবসের মধ্যে নদীর তীরে নির্মাণ করা সব স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়।জানতে চাইলে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লস্কার তাজুল ইসলাম বলেন, ‘রামনাবাদ নদীর তীরের জায়গায় মাটি ভরাট ও স্থাপনা নির্মাণের কাজের ওপর নিষেধাজ্ঞাসহ রুল জারিসংক্রান্ত হাইকোর্টের একটি আদেশ আমরা পেয়েছি। কিন্তু ওই রুলের নিষ্পত্তি এবং সেখানকার স্থাপনা অপসারণসংক্রান্ত আদেশ আমরা এখনো পাইনি।’ ভরাট করা জায়গায় টিন ও কাঠ দিয়ে নতুন দোকানঘর তৈরি করা প্রসঙ্গে তিনি বলেন, ‘কয়েক মাস আগে আমরা ওই এলাকার কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। নতুন করে কেউ ওই জায়গায় ঘর তুলছে কি না, সেটি আমাদের জানা নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’