আদালতের নিষেধাজ্ঞা অমান্য ইটভাটার নির্মাণকাজ চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষিজমিতে এইচএইচবি ব্রিক ফিল্ড নামের একটি ইটভাটার নির্মাণকাজ চালাচ্ছেন ছাত্রলীগের সাবেক নেতা খায়রুল বাসার। ১ জানুয়ারি হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মি আক্তার ও চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আ. মালেক মিয়া ওই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মালিকপক্ষকে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খায়রুল বাসার উপজেলার বড়কুল (পূর্ব) ইউনিয়নের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের পাশের কোন্দ্রা এলাকায় প্রায় চার একর কৃষিজমি ভাড়া নিয়ে এইচএইচবি নামের ইটভাটার নির্মাণকাজ শুরু করেন। ওই ইটভাটা নির্মাণের জন্য জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে কোনো প্রকার অনুমোদন নেওয়া হয়নি। এমনকি অনুমোদনের জন্য আবেদনও করা হয়নি।১২ ডিসেম্বর ও ১ জানুয়ারি চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আ. মালেক মিয়া দুই দফায় লিখিত চিঠি দিয়ে মালিকপক্ষকে ইটভাটার নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন।এদিকে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, ৪ জানুয়ারি কোন্দ্রা এলাকার ৫৯ জন জমির মালিক ও কৃষক ইটভাটার নির্মাণকাজ বন্ধের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগকারীদের মধ্যে জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হকের ছোট ভাই আনোয়ার হোসেন এ প্রসঙ্গে বলেন, ‘যেখানে ইটভাটাটি নির্মাণ করা হচ্ছে, তার চারদিকে আবাসিক এলাকা এবং এলাকার লোকজনের একমাত্র কৃষিজমির মাঠ এটি। এলাকার লোকজন ইটভাটাটি বন্ধের জন্য একতাবদ্ধ হয়েছে। আমরা প্রশাসনের দিকে চেয়ে আছি। প্রশাসন ব্যবস্থা না নিলে স্থানীয় লোকজন যেকোনো সময় এটি ভেঙে ফেলবে।’চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আ. মালেক মিয়া বলেন, কাজ বন্ধের জন্য ইটভাটার মালিককে কয়েক দফা লিখিত নোটিশ দেওয়া হয়েছে। ১ জানুয়ারি ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার শাম্মি আক্তার সরেজমিনে গিয়ে মালিকপক্ষকে অনুমোদন নেওয়ার আগে ইটভাটার নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন। প্রশাসনের নির্দেশ অমান্য করে ইটভাটার নির্মাণকাজ অব্যাহত রাখা প্রসঙ্গে জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গাউছুল আজম বলেন, ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট গত সপ্তাহে পুলিশ ফোর্স নিয়ে মালিকপক্ষকে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়ে এসেছেন। এইচএইচবি ব্রিক ফিল্ডের স্বত্বাধিকারী খায়রুল বাসারের ছোট ভাই কে এস বি রুজমন বলেন, ‘আমরা চার একর জমি ১০ বছরের জন্য ইজারা নিয়ে ইটভাটার নির্মাণকাজ শুরু করেছি।’ আবেদন না করে ইটভাটার নির্মাণকাজ শুরু প্রসঙ্গে জানতে চাইলে রুজমন বলেন, চুলায় আগুন লাগানোর আগেই প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নিয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরিবেশবান্ধব এই ইটভাটা চালু করা হবে।