উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বরিশাল সিটি করপোরেশনের বিরুদ্ধে ব্যক্তি মালিকানাধীন বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে ও গাছ কেটে নর্দমা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে চাইলেও পুলিশ তা গ্রহণ করেনি। গতকাল শনিবার দুপুরে গিয়ে দেখা যায়, ব্রজমোহন কলেজের পশ্চিম পাশে মোজাফফর চৌধুরীর বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে নর্দমা নির্মাণ করছেন সিটি করপোরেশনের কর্মীরা। জানতে চাইলে তাঁরা বলেন, ‘আমরা কিছু বলতে পারব না। সিটি করপোরেশন নির্দেশ দিয়েছে, আমরা কাজ করছি।’ খোঁজ নিয়ে জানা যায়, ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি এই নর্দমা নির্মাণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে রিট আবেদন করা হয়। এরপর প্রাচীর ভাঙা হয়। পরে ১১ আগস্ট আরও একটি রিট আবেদন করা হয়। আদালত দুবারই ছয় মাসের অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে সিটি করপোরেশনকে নোটিশ দেয়। ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, সিটি করপোরেশন উন্নয়নের নামে অবৈধভাবে বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে ফেলেছে। সীমানাপ্রাচীর-সংলগ্ন নারকেল ও আমগাছও কেটে ফেলা হয়েছে। বাড়ির মালিক মোজাফফর চৌধুরীর ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক এ এফ এম আবদুল নঈম বলেন, ‘সিটি করপোরেশন উন্নয়নমূলক কাজ করছে, সে জন্য সাধুবাদ জানাই। কিন্তু বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে, জোর করে গাছ কেটে কাজ করবে, এটা হতে পারে না। আমরা চাই, আইন মেনে যেন সবকিছু করা হয়।’ জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বাড়ির জায়গায় সিটি করপোরেশন নর্দমা নির্মাণ করছে। বিষয়টি নিয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় আমাদের পক্ষে ডায়েরি নেওয়া সম্ভব হয়নি।’ বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল মোতালেব বলেন, ‘ওই কাজের দায়িত্বে রয়েছেন প্রকৌশলী মো. লুৎফর রহমান। তাঁর সঙ্গে যোগাযোগ করলে ভালো হয়।’ পরে লুৎফর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি তা ধরেননি।