আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভবন নির্মাণ
আদালতের নির্দেশ উপেক্ষা করে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দর এলাকায় আওয়ামী লীগের এক নেতা বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে।অভিযোগকারী বাদল মৃধা ও এলাকাবাসী জানান, কালাইয়া বন্দরের ১২৪ জেএল ও ১০৫৫ এসএ খতিয়ানভুক্ত ৫০১ দাগের প্রায় ৩০ শতাংশ জমি দখল করে ভবন নির্মাণ করছেন উপজেলার দাশপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামাল হোসেন মৃধা ও তাঁর আত্মীয়স্বজনেরা। ওই জমি নিয়ে পটুয়াখালী জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে বাদল মৃধা ও জামাল হোসেন মৃধার মধ্যে মামলা চলছে। মামলা চলাকালে ওই জমিতে কোনো কাজ না করার জন্য গত ২০ সেপ্টেম্বর আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা এবং ২৮ নভেম্বর স্থায়ী নিষেধাজ্ঞা দেন। জামাল হোসেন মৃধা ও তাঁর আত্মীয়স্বজনেরা আদালতের নির্দেশ উপেক্ষা করে গত শনিবার থেকে ওই জমির গাছ কেটে ভবন নির্মাণ করছেন। বাদল মৃধা বলেন, এ বিষয়ে বাউফল থানায় লিখিত অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সর্বশেষ ৯ ডিসেম্বর পটুয়াখালী পুলিশ সুপারের কাছে এর প্রতিকার চেয়ে তিনি আবেদন করেন। বাদল মৃধা অভিযোগ করেন, আদালতের কাগজ নিয়ে ৮ ডিসেম্বর তাঁর ভাতিজা মো. রুবেল বাউফল থানার ওসির কাছে গেলে তিনি ধমক দিয়ে বলেন, আদালত তাঁকে কাজ বন্ধ করার জন্য নির্দেশ দেননি। জমিজমা দেখার দায়িত্ব পুলিশের না, মারামারি হলে পুলিশ উপস্থিত হয়ে যাবে। জামাল হোসেন মৃধা বলেন, ‘আমি যে জমিতে ভবন নির্মাণ করছি। তা নিয়ে মামলা-মোকদ্দমা নেই।’বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার বলেন, উভয় পক্ষকে ডেকে ফয়সালা না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে এবং নোটিশ দেওয়া হয়েছে।