আদালতের নিষেধাজ্ঞা ভেঙে স্থাপনা নির্মাণ
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মুন্সিগঞ্জের শ্রীনগরে জেলে সম্প্রদায়ের ১৪ শতাংশ জমিতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও বিপণিবিতান নির্মাণ অব্যাহত রাখার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ভাগ্যকুল হরেন্দ্রলাল উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন ওই কাজ করাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই বিদ্যালয়-সংলগ্ন ভাগ্যকুল মান্দ্রা মৌজার ১৪ শতাংশ জমির মালিক জেলে সম্প্রদায়ের রাজবংশী পরিবারের ছয়জন। ২০০০ সালে তাঁদের কাছ থেকে আট শতাংশ জমি কেনেন প্রবীর মৃধা, মফিজ হাওলাদার ও মজিদ শিকদার নামের তিন ব্যক্তি। দেড় মাস আগে পুরো ১৪ শতাংশ জমি বেদখল হয়ে যায়। এ পর্যায়ে মোট নয়জন মালিক বাদী হয়ে ২২ জুলাই মুন্সিগঞ্জ জ্যেষ্ঠ সহকারী জজ (শ্রীনগর) আদালতে মামলা করেন। এ পরিপ্রেক্ষিতে আদালত দখলদারদের নোটিশ দেন। এর পরও দখলকারীরা স্থাপনা নির্মাণ অব্যাহত রাখেন। এ পর্যায়ে জমির মালিকেরা আদালতে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। ১২ আগস্ট আদালত ওই জমিতে স্থাপনা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।
জমির মালিকেরা অভিযোগ করেন, আদালতের নিষেধাজ্ঞার পরও দখলদারেরা ওই জমিতে স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছেন। গত শনিবারও তাঁরা সেখানে কাজ করান।
হরেন্দ্রলাল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান জানান, বিদ্যালয়ের প্রাইমারি শাখার তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষ নির্মাণ করা হচ্ছিল। ভবনের সঙ্গে তিনটি দোকানও নির্মাণ করার কথা ছিল। বিদ্যালয়ের এ নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন স্থানীয় সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ। তাঁরা ব্যক্তিগতভাবে জমি দখলের পাঁয়তারা করলে ভিত্তিফলক সাংসদকে দিয়ে উন্মোচন করাতেন না। বর্তমানে স্থাপনা নির্মাণের কাজ বন্ধ রয়েছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আওয়ামী লীগের নেতা মনির হোসেন বলেন, ৪০ বছর আগে ওই ১৪ শতাংশ জমি বিদ্যালয়ের তৎকালীন সময়ের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে এওয়াজ-বদল হয়েছিল। তখন বিদ্যালয়ের মাঠের উত্তর পাশের জমিতে ওই জমির মালিকদের মন্দির নির্মাণ করতে দেওয়া হয়েছিল। এর বিনিময়ে তাঁরা মাঠের দক্ষিণ পাশের ওই সম্পত্তি বিদ্যালয়কে প্রদান করেন। সে অনুযায়ী তাঁরা বিদ্যালয়ের ভবন নির্মাণ করছেন। এখন জমির দাম বেড়ে যাওয়ায় ওই সম্পত্তির মালিকেরা সেটা মানছেন না। তবে আদালতের নিষেধাজ্ঞার পর স্থাপনা নির্মাণ বন্ধ রয়েছে বলে মনির হোসেন দাবি করেন।