আদালতের প্রতি অনাস্থা খালেদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টে দুর্নীতির অভিযোগে করা দুটি মামলার বিচারিক আদালতের প্রতি অনাস্থা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর আইনজীবীরা গতকাল সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারকের কাছে অনাস্থার কথা জানিয়ে মামলা দুটির সাক্ষ্য কার্যক্রম স্থগিত রাখার আবেদন করেন। এই আদালতে গতকাল দুই মামলার সাক্ষ্য গ্রহণ ও খালেদা জিয়ার হাজির হওয়ার দিন ধার্য ছিল। কিন্তু তিনি হাজির হননি। কারণ হিসেবে নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে তাঁর আইনজীবীরা সময় প্রার্থনা করেন। একই সঙ্গে সাক্ষ্য কার্যক্রম মুলতবির আবেদন জানিয়ে বলা হয়, এই আদালতের প্রতি তাঁদের আস্থা নেই। তাই তাঁরা উচ্চ আদালতে যাবেন। 
শুনানি শেষে অনাস্থা আবেদন নাকচ করে দেন বিচারক বাসুদেব রায়। তিনি ২৬ অক্টোবর মামলার পরবর্তী তারিখ ধার্য করে খালেদা জিয়াকে হাজির হতে আদেশ দেন। এ সময়ের মধ্যে মামলার স্থানান্তর-সংক্রান্ত উচ্চ আদালতের আদেশ দাখিল না করা হলে ওই দিন সাক্ষ্য গ্রহণ করা হবে বলে আদেশে বলা হয়।
খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী গোলাম মোস্তফা খান, মাসুদ আহমেদ তালুকদার, সানাউল্লাহ মিয়া ও আবদুল খালেক।
পরে মাসুদ আহমেদ তালুকদার প্রথম আলোকে বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় ২২ সেপ্টেম্বর আসামিপক্ষের আবেদন উপেক্ষা করে খালেদা জিয়ার অনুপস্থিতিতে আদালত বাদীর সাক্ষ্য গ্রহণ করেন। তিনি বলেন, আইন অনুযায়ী আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করতে হলে আসামিপক্ষে জেরার জন্য আবেদন করা হয়ে থাকে। এ ক্ষেত্রে খালেদা জিয়ার পক্ষে কোনো আবেদন না করা সত্ত্বেও আদালত সাক্ষ্য গ্রহণ শুরু করেন। তাই এই আদালতের প্রতি আস্থা নেই বলে গতকাল শুনানিতে বলা হয়।
অবশ্য অনাস্থা আবেদনের বিরোধিতা করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন। তিনি শুনানিতে বিভিন্ন যুক্তি তুলে ধরে বলেন, আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে আইনগত বাধা নেই। আদালত সাক্ষ্য গ্রহণ করে ধার্য তারিখে আসামি খালেদা জিয়াকে আদালতে হাজির হতে বলেছিলেন। কিন্তু তিনি হাজির হননি। আগামী তারিখে তিনি হাজির না হলে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করবে দুদক।
পুরান ঢাকার বকশি বাজারের আলিয়া মাদ্রাসা-সংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এই মামলার বিচারকাজ চলছে। এতে খালেদা জিয়াসহ ছয় আসামির মধ্যে তাঁর লন্ডনপ্রবাসী ছেলে তারেক রহমানও রয়েছেন।
মামলায় অভিযোগ: জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় একটি মামলা করে দুদক। এই মামলায় খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
আর জিয়া চ্যারিটেবল ট্রাস্টের জমি কেনার ক্ষেত্রে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে দুদক অপর মামলাটি করে ২০১১ সালের ৮ আগস্ট। তেজগাঁও থানায় করা এই মামলায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১২ সালের ১৬ জানুয়ারি অভিযোগপত্র দেওয়া হয়।