জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা
আদালতের প্রতি অনাস্থা জানিয়ে খালেদা জিয়ার আইনজীবীদের আবেদন
জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় আদালতের প্রতি অনাস্থা জানিয়ে গতকাল বৃহস্পতিবার আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা। তবে আবেদন নাকচ করে আদালত আংশিক সাক্ষ্য গ্রহণ শেষে ২৯ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেন। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ তারিখ ধার্য করেন।
গতকাল এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। গতকাল খালেদা জিয়া আদালতে যাননি। তাঁর পক্ষে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও সানাউল্লাহ মিয়া সাক্ষ্য কার্যক্রম মুলতবি চেয়ে আদালতে বলেন, খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তিনি আসতে পারছেন না। এ জন্য তাঁর পক্ষে একটি ও সাক্ষ্য কার্যক্রম মুলতবি চেয়ে পৃথক দুটি আবেদন করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন আদালতে বলেন, খালেদা জিয়াকে কেউ অবরুদ্ধ করে রাখেনি। সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, খালেদা জিয়া যেখানে খুশি যেতে পারেন, কোনো বাধা নেই। বিভিন্ন অজুহাতে আদালতের কাজে বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হয়েছে।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত সাক্ষ্য কার্যক্রম মুলতবির আবেদন নাকচ করেন। আদালত খালেদা জিয়ার অনুপস্থিতি-সংক্রান্ত আবেদন মঞ্জুর করে সাক্ষ্য গ্রহণের নির্দেশ দেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আদালতকে বলেন, মাননীয় আদালতের প্রতি আস্থা নেই। আদালতের আদেশের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আবেদন করবেন। তাই সাক্ষ্য কার্যক্রম মুলতবি রাখা হোক।