
জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় আদালতের প্রতি অনাস্থা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বৃহস্পতিবার এ মামলায় আত্মপক্ষ সমর্থনের ধার্য দিনে তিনি এ অনাস্থা জানান।
আদালত খালেদা জিয়ার আইনজীবীদের করা অনাস্থার আবেদন ও মামলার কার্যক্রম মুলতবির আবেদন নামঞ্জুর করেন। এ মামলায় আসামিপক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার। গতকাল আদালতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে তর্ক-বিতর্ক ও হট্টগোল হয়।
খালেদা জিয়ার আইনজীবীরা বলেছেন, আদালতের এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হবে। আইনজীবী সূত্র বলেছে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচারকাজ এখন শেষ পর্যায়ে। আইন অনুযায়ী, আসামিপক্ষে সাফাই সাক্ষ্য শেষ হলে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়। যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আদালত রায়ের দিন ধার্য করেন।
খালেদা জিয়ার এক আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, এ দুটি নিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ, মানহানি ও নাশকতার অভিযোগে মোট ৩৮টি মামলা রয়েছে।
পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা-সংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত মামলার বিচারকাজ চলছে। এ দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়া, তাঁর বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জন। তারেক রহমানের বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আর ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়াসহ চারজন।
এই দুই মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য বেলা সাড়ে ১১টার দিকে আদালতে হাজির হন খালেদা জিয়া। তাঁর আইনজীবীরা আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, খালেদা জিয়া এই আদালতে ন্যায়বিচার পাবেন না বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তাই মামলার কার্যক্রম মুলতবি রাখার আবেদন জানান তাঁরা। এ নিয়ে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক এবং পরে হট্টগোল শুরু হয়। আদালত উভয় পক্ষের আইনজীবীদের শান্ত হতে বলেন। আদালত বলেন, এ মামলার অভিযোগ গঠন হয়েছে প্রায় তিন বছর। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইন অনুযায়ী ৬০ কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হয়। মামলার শেষ পর্যায়ে এসে এ ধরনের আবেদনের সুযোগ নেই। তাই আবেদন নামঞ্জুর করা হলো এবং মুলতবি করার আবেদন নাকচ করা হলো। গত ৩১ জানুয়ারি করা পুনঃ তদন্তের আবেদনও আদালত নাকচ করেন।
আদালত এ মামলায় রাষ্ট্রপক্ষে উপস্থাপন করা ৩২ সাক্ষীর সাক্ষ্য পড়ে শুনিয়ে খালেদা জিয়ার কাছে জানতে চান, তিনি দোষী না নির্দোষ? এ সময় খালেদা জিয়া বলেন, তাঁকে সময় দেওয়া হলে বক্তব্য উপস্থাপন করবেন। এরপর তিনি বলেন, তাঁর আইনজীবীরা আদালতের প্রতি অনাস্থা জানিয়েছেন, তিনিও অনাস্থা প্রকাশ করছেন। তিনি ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। আদালত ৩৪২ ধারার কার্যক্রম শেষ করে ৯ ফেব্রুয়ারি আসামিপক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন পরে প্রথম আলোকে বলেন, তাঁরা পুনঃ তদন্ত আবেদনের ওপর আদেশ চান। কিন্তু আদালত খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থন করতে বলেন। নিয়ম অনুযায়ী আবেদন নিষ্পত্তি করার জন্য প্রার্থনা জানান। কিন্তু আদালত তাঁর সিদ্ধান্তে অটল থাকেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, আদালত আসামিপক্ষে আইনি সুযোগ না দিয়ে যেকোনো প্রকারে মামলা নিষ্পত্তি করতে চাইছেন। যে কারণে খালেদা জিয়া আশঙ্কা করছেন, এই আদালত থেকে ন্যায়বিচার পাবেন না। আদালতের প্রতি অনাস্থা জানানোর পরও আসামি পরীক্ষার কার্যক্রম শেষ করে সাফাই সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হবে।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন বলেন, আসামিপক্ষ সাফাই সাক্ষ্য না দিলে যুক্তিতর্কের দিন ধার্য করা হবে। যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রায়ের দিন ধার্য করা হবে।
একই আদালতে বিচারাধীন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য সময়ের আবেদন মঞ্জুর করে ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।
নাশকতার অভিযোগে রাজধানীর দারুস সালাম থানায় করা আটটি ও যাত্রাবাড়ী থানায় করা একটি এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা একটি মামলায় ২৭ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে হাজির হতে নির্দেশ দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত। গত বুধবার এসব মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির ধার্য দিনে আদালত এ আদেশ দেন। নাশকতার এসব মামলায় তিনি হুকুমের আসামি।