জনবল নিয়োগে প্রতারণা ও আত্মসাতের অভিযোগ
আদালতের প্রশাসনিক কর্মকর্তা গ্রেপ্তার কারাগারে প্রেরণ
জনবল নিয়োগে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এ কে এম মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের আদালত পরিদর্শক (সিআই) মো. বদিউজ্জামান ও কারাধ্যক্ষ (জেলার) মো. ইসমাইল হোসেন মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশের আদালত পরিদর্শক (সিআই) মো. বদিউজ্জামান বলেন, সম্প্রতি জেলা ও দায়রা জজ আদালতের কয়েকটি পদে জনবল নিয়োগ করা হয়। এ নিয়োগে কোনো প্রার্থীর সঙ্গে প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসেনের প্রতারণা ও আত্মসাতের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে আদালতের কাছে তা প্রমাণিত হওয়ায় আদালত স্বপ্রণোদিত হয়ে গতকাল বিকেলে মোশাররফকে কোর্ট পুলিশের কাছে সোপর্দ করেন। পরে আদালতের নির্দেশে তাঁকে সন্ধ্যায় জেলা কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে আটক আছেন।