আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তিতে এগিয়ে নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকার বাসিন্দা সালমা বেগমের দুই মেয়ে। দ্বিতীয় মেয়ে হওয়ার পর স্বামী তাঁকে ছেড়ে চলে যান। অভাবের সংসারে খাওয়া-পরার খরচ জোগাতে না পেরে ৫০ হাজার টাকায় প্রবাসী নিঃসন্তান দম্পতির কাছে দুই মাস বয়সী মেয়েকে লালন-পালন করার জন্য দেন সালমা। কিন্তু সপ্তাহখানেক পর সন্তানের জন্য ব্যাকুল হয়ে ওঠে মায়ের মন। এখন কী করে ফিরে পাবেন সন্তানকে? মামলা চালানোর মতো আর্থিক সামর্থ্য নেই তাঁর।
গত বছরের অক্টোবর মাসে পরিচিত কয়েকজনের পরামর্শে চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড (আইনগত সহায়তা) কার্যালয়ে এসে মেয়েকে ফিরে পেতে সহায়তা চেয়ে আবেদন করেন সালমা। মাত্র ১৮ দিনের মধ্যেই বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর-অলটারনেটিভ ডিসপিউট রেজ্যুলেশন) মাধ্যমে টাকা ফেরত দিয়ে সন্তানকে ফিরে পান তিনি। তাঁর মতো অনেক অসহায় বিচারপ্রার্থীর ভরসার জায়গা হয়ে উঠেছে জেলা লিগ্যাল এইড কার্যালয়।
চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) বেগম ফারহানা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ জন আইনি সহায়তা নিতে আসেন। তাঁদের ৯০ ভাগই নারী। আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তি করার ক্ষেত্রে নারীরাই বেশি এগিয়ে আসেন। কেউ অভিযোগ নিয়ে আসার পর গুরুত্ব বুঝে প্রথমে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করা হয়। এতে ফল পাওয়া না গেলে ভুক্তভোগীর পক্ষে মামলা করা হয়।
বিনা খরচে আইনি সহায়তা পেতে জেলা লিগ্যাল এইড কার্যালয়ে দরিদ্র ও অসচ্ছল বিচারপ্রার্থীদের সংখ্যা প্রতিবছরই বাড়ছে। এই কার্যালয় থেকে বিচারপ্রার্থীরা ফৌজদারি, দেওয়ানি, পারিবারিক মামলায় আইনি সহায়তা পাচ্ছেন। আবার অনেক ভুক্তভোগীকে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে বিরোধ মীমাংসায় উদ্বুদ্ধ করা হচ্ছে। মামলা না করে আদালতের বাইরে আপস-মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করার ব্যবস্থাই বিকল্প বিরোধ নিষ্পত্তি।
অসহায় ও দরিদ্র ব্যক্তিদের জন্য সরকারি খরচে আইনগত সহায়তা দিতে দেশের প্রতিটি জেলায় লিগ্যাল এইড কার্যালয় রয়েছে। মামলা না করে বিরোধ নিষ্পত্তির চেষ্টা চলে এখানে। আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তিতে উৎসাহিত করতে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ আজ দেশজুড়ে পালন করা হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপসও হয়।’
চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কার্যালয় সূত্র জানায়, যৌতুক দাবি, নারী নির্যাতন, দেনমোহর এবং ভরণপোষণ আদায়ের প্রতিকার চেয়ে করা আবেদনই বেশি। বিরোধ নিষ্পত্তির মাধ্যমে তাঁদের অনেকেই ফিরে পেয়েছেন স্বামীর স্বীকৃতি, সন্তান। পুনরুদ্ধার হয়েছে অনেকের দাম্পত্য সম্পর্ক।
চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কার্যালয় সূত্র জানায়, আইনি সহায়তা পেতে ২০১২ সালে আবেদন জমা পড়ে ৮০০টি। ওই বছর নিষ্পত্তি হয় ১৩৪টি আবেদন। ২০১৩ সালে ৮০৯টি আবেদন জমা পড়ে, নিষ্পত্তি হয় ২৫৭টি, ২০১৪ সালে ১ হাজার ৪টি আবেদনের বিপরীতে ২২৮টি নিষ্পত্তি হয়, ২০১৫ সালে ১ হাজার ৪২৪টি আবেদনের মধ্যে নিষ্পত্তি হয় ৩০০টি, ২০১৬ সালে ২ হাজার ১৫২টি আবেদন জমা পড়ে, নিষ্পত্তি হয় ৬৬৩টি। আর চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে আবেদন জমা পড়েছে ৮০৩টি। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ২৯৫টি আবেদনের।
চট্টগ্রাম আদালত ভবনের নিচতলায় জেলা লিগ্যাল এইড কার্যালয়। মামলা পরিচালনার জন্য এই কার্যালয়ে ৫৮ জন আইনজীবী রয়েছেন। গত বুধবার দুপুরে কার্যালয়ে গিয়ে ১০ জন বিচারপ্রার্থী নারীর দেখা পাওয়া যায়। তাঁদের মধ্যে একজন এসেছেন নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকা থেকে। প্রথম আলোকে ওই নারী বলেন, দেড় বছর আগে তাঁর বিয়ে হয়। বিয়ের পরপরই টিভি, ফ্রিজসহ নানা যৌতুকের দাবিতে মারধর শুরু করেন স্বামী। নির্যাতন থেকে মুক্তি পেতে স্বামীর কাছে তালাক চান তিনি। আর্থিক সংগতি না থাকায় সহায়তা পেতে এই কার্যালয়ে এসেছেন।
নগরের কোতোয়ালির অভয়মিত্র ঘাট এলাকার আজগর আলী নামে এক ব্যক্তি ২০১১ সাল থেকে একটি মাদক মামলায় কারাভোগ করছিলেন। কারা কর্তৃপক্ষের মাধ্যমে ২০১৪ সালের ১৬ মার্চ আইনি সহায়তার আবেদন করেন তিনি। গত বছরের ১৯ অক্টোবর মামলা থেকে বেকসুর খালাস পান আজগর। এ বিষয়ে লিগ্যাল এইডের প্যানেলভুক্ত আইনজীবী স্বপন রায় বলেন, অপরাধী না হয়েও আজগর কারাগারে আটক ছিলেন। লিগ্যাল এইডের আইনি সহায়তায় তিনি নির্দোষ হিসেবে খালাস পেয়েছেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি রতন কুমার রায় বলেন, অর্থের অভাবে অনেক ভুক্তভোগীর পক্ষে মামলা করা বা চালানো সম্ভব হয় না। এসব ক্ষেত্রে আইনজীবীদের ভূমিকা রাখার সুযোগ আছে। কারণ, বেশির ভাগ ক্ষেত্রে ভুক্তভোগীরা প্রথমে আইনজীবীদের কাছে আসেন। যাঁদের আর্থিক সামর্থ্য নেই, আইনজীবীরা তাঁদের জেলা লিগ্যাল এইড কার্যালয়ে পাঠাতে পারেন।