আদালতের বাইরে সালিসি পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলা-মোকদ্দমায় সময় ও অর্থ ব্যয় না করে সালিসি পদ্ধতির মাধ্যমে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির তাগিদ দিয়েছেন ব্যবসায়ী নেতারা। এ জন্য এই পদ্ধতির ব্যবহারে সচেতনতার ওপরও জোর দেন তাঁরা।গতকাল শনিবার চট্টগ্রাম চেম্বারে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরব্রিটেশন সেন্টার-বিয়াক সেন্টারের সালিসি পদ্ধতির মাধ্যমে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি’-বিষয়ক এক মতবিনিময় সভায় বক্তারা এ মতামত দেন। চট্টগ্রাম চেম্বার ও বিয়াক যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে।মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির প্রচলিত আইনে সংস্কার করা দরকার কি না, এ পদ্ধতি আরও শক্তিশালী করতে হবে কি না, এসব বিষয় ব্যবসায়ীদের সরকারকে জানানো উচিত। তাহলে সরকার বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় এ ব্যাপারে সহযোগিতা করতে রাজি।মতবিনিময় সভায় সঞ্চালক ছিলেন বিয়াকের চেয়ারম্যান মাহবুবুর রহমান। এতে বক্তব্য দেন স্থানীয় সাংসদ ও বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ লতিফ, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম প্রমুখ। মূল বক্তা বিয়াকের প্রধান নির্বাহী তৌফিক আলী বলেন, বর্তমানে প্রায় সাত লাখ দেওয়ানি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন। এর মধ্যে বাণিজ্যিক বিরোধসংক্রান্ত মামলা সালিসি পদ্ধতির মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। এতে আদালতের ওপর চাপ কমবে। তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি নাছির উদ্দিন চৌধুরী বলেন, বিয়াক কম সময়ের মধ্যে বিরোধ নিষ্পত্তি করতে পারলে এটি একটি ভালো উদ্যোগ হিসেবে স্বীকৃতি পাবে।