আদালতের বারান্দায় আসামির কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুয়েল ওরফে ধামা জুয়েল
ছবি: প্রথম আলো

চট্টগ্রামে এক আসামির চিৎকার করে গালিগালাজে ২০ মিনিটের জন্য অতিষ্ঠ হয়ে পড়েন আইনজীবী ও বিচারপ্রার্থীরা। বুধবার বিকেলে আদালত ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ ঘটনা ঘটেছে। আসামির নাম জুয়েল ওরফে ধামা জুয়েল (২৯)।

গত মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা-পুলিশ। ওই সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। পরে বুধবার বিকেলে তাঁকে আদালতে আনা হয়।  

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, অস্ত্র উদ্ধার মামলায় জুয়েলকে আদালত ভবনের দ্বিতীয় তলায় সাধারণ নিবন্ধন (জিআরও) শাখায় নিয়ে আসে চান্দগাঁও থানা-পুলিশ। আনার পথে তিনি চিৎকার করতে থাকেন। গালি দিতে থাকেন পুলিশ সদস্যদের। পরে তাঁকে সেখান থেকে তৃতীয় তলায় নিয়ে যাওয়া হয়। দুই তলা থেকে তৃতীয় তলায় যাওয়া পর্যন্ত গালাগাল করতে থাকেন জুয়েল। ওই সময় তাঁর চিৎকারে আইনজীবী ও বিচারপ্রার্থীরা হতভম্ব হয়ে পড়েন। ভয়ে অনেকে গন্তব্যে না গিয়ে দাঁড়িয়ে থাকেন।

পরিস্থিতি বেসামাল হলে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান ছুটে যান। পরে মহানগর সেরেস্তার দরজা বন্ধ করে দিয়ে তাঁর গ্রেপ্তারি নিবন্ধন করা হয়। এরপর নতুন মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালতে হাজির করলে আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।

নাম প্রকাশ না করার শর্তে মহানগর দায়রা আদালতের সেরেস্তার এক কর্মচারী বলেন, ‘লোকটার (আসামি) আচরণ মারমুখী। পুলিশ না থাকলে আমরা মার খেতাম।’
জানতে চাইলে জুয়েলের ভাই মো. মুরাদ অভিযোগ করেন, পুলিশ যখন তাঁর ভাইকে বহদ্দারহাট বাস টার্মিনালের পাশের বাসা থেকে ধরে নিয়ে যায়, তখন অস্ত্র পায়নি। পরে তাঁরা জানতে পারেন, তাঁর ভাইকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ জন্য রাগে গালাগাল করছেন তাঁর ভাই।

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান প্রথম আলোকে বলেন, তালিকাভুক্ত সন্ত্রাসী জুয়েলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ৯টি মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বহদ্দারহাট বাস টার্মিনালের পাশে রাখা অস্ত্র তাঁর স্বীকারোক্তিতে উদ্ধার হয়েছে। পরে থানায় তাঁর নামে আরও দুটি মামলার পরোয়ানা পাওয়া যায়। নতুন অস্ত্র মামলা ও পরোয়ানায় তাঁকে আদালতে পাঠানো হয়।

অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান প্রথম আলোকে বলেন, প্রোপাগান্ডা করে অনুকম্পা নিতে চেয়েছেন। তাঁর ধাক্কায় কয়েকজন পুলিশ সদস্য সামান্য ব্যথা পেয়েছেন।