আদালতের বারান্দায় তিন আসামিকে পেটালেন আইনজীবীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে আদালতের বারান্দায় মামলার বাদীর পক্ষ হয়ে একদল আইনজীবী সহোদর তিন আসামিকে বেধড়ক মারধর করেছেন। সোমবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনাটি ঘটে। আইনজীবীদের মারধরের শিকার সোনারগাঁ উপজেলার ইসলামপুর গ্রামের আবদুল বাসেদের ছেলে মিলন জানান, তাঁর স্ত্রী শাহিনার পরকীয়ার ঘটনা ফাঁস হয়ে গেলে তাঁদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এ পর্যায়ে শাহিনা তাঁদের একমাত্র মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যান। এক মাস আগে তিনি তাঁর এবং তাঁর অপর দুই ভাই আসাদুজ্জামান ও স্বপনের বিরুদ্ধে বাদী হয়ে যৌতুক মামলা দায়ের করেন। ওই মামলায় তাঁরা তিন ভাই আদালতে হাজিরা দিতে যান। এ সময় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় তাঁর স্ত্রীর আইনজীবী আল মামুনের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে আইনজীবী আল মামুন ও তাঁর সহকর্মী অন্য আইনজীবীরা তাঁদের মারধর করেন। এ ব্যাপারে মামলার বাদী শাহিনার আইনজীবী আল মামুনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আসামিরা তাঁর মক্কেলকে আদালতের বারান্দায় হুমকি দিয়েছিলেন। তাই আইনজীবীরা তাঁদের পিটুনি দিয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছেন।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।