আদালতের ভাবমূর্তি রক্ষার দায়িত্ব কর্মচারীদেরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতে দায়িত্ব পালন করা কর্মচারীদের উদ্দেশে কক্সবাজার জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার বলেছেন, দুর্নীতি করলে কারও রক্ষা নেই। সীমা অতিক্রম করলে শাস্তি পেতে হবে। নিজের মর্যাদা রক্ষার মাধ্যমে আদালতের নিরপেক্ষতা ও ভাবমূর্তি বজায় রাখতে হবে।
গতকাল সোমবার সন্ধ্যায় জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আদালত সহায়ক কর্মচারীদের প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাদিকুল ইসলাম তালুকদার এসব কথা বলেন।
জেলা ও দায়রা জজ বলেন, আদালত সহায়ক কর্মচারীদের জন্য এই প্রশিক্ষণ হলেও এর মাধ্যমে কক্সবাজারের মানুষও লাভবান হবে। মামলার অর্ডার লিখতে গিয়ে আদালত সহায়ক কর্মচারীরা ভুল করলে বিচারকদের বিব্রত হতে হয়।
বিশেষ অতিথির বক্তব্যে মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ তৌফিক আজিজ বলেন, আদালত সহায়ক কর্মচারীদের দৈনন্দিন কাজের ভুলভ্রান্তি দূর করতে এবং দক্ষতা বৃদ্ধির জন্য প্রথমবারের মতো এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণকে যথাযথ কাজে লাগানো গেলে বিচারাধীন প্রায় ২৭ হাজার মামলা দ্রুত নিষ্পত্তি হবে।
বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক সুলতান মাহমুদ, জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফি উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে আহমদ হোসাইন, আদালতের বেঞ্চ সহকারী লুৎফুর রহমান।
উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মাহবুবুর রহমান ও মো. সাদেকুর রহমান, আদালতের সরকারি কৌঁসুলি মমতাজ আহমদ, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের সরকারি কৌঁসুলি নুরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খান কায়সার প্রমুখ।
কর্মচারীদের প্রশিক্ষণ দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুহিউদ্দিন মুরাদ, অরূপ পাল ও শফি উদ্দিন।