আদালতের মাধ্যমে মীমাংসার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়া উপজেলার বাঁশবাড়িয়া সাঁওতালপল্লির মালিকানা আদালতের মাধ্যমে নির্ধারণ করা হবে। এর আগ পর্যন্ত সাঁওতাল পরিবারগুলো তাদের ভিটায় থাকবে। আবাদি জমি তাদের দখলেই থাকবে। গতকাল শনিবার থানায় অনুষ্ঠিত সালিসি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সাঁওতালদের পক্ষে উপস্থিত ছিলেন বেসরকারি সংস্থা সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অব ভলান্টারি অর্গানাইজেশনের (সিসিবিভিও) কর্মকর্তা মো. আরিফ। তিনি বলেন, দুপক্ষের কাগজপত্রেই সমস্যা আছে। আদালত ছাড়া এ নিয়ে সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। এ জন্য উভয় পক্ষকে আদালতে যেতে বলা হয়েছে।
বাঁশবাড়িয়া সাঁওতালপল্লির দেড় শতাধিক বিঘা জমির মালিকানা নিয়ে পল্লির লোকজন ও আবদুস সামাদ নামের এক ব্যক্তির বিরোধ চলছে। আবদুস সামাদের দাবি, ওই জমি তাঁর পৈতৃক সম্পত্তি। তিনি সালিসের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।
পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল ওহাব বলেন, জমির কাগজপত্র আদালতের বিবেচ্য। তাঁদের কিছু করার নেই। আপাতত আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে যে যে অবস্থায় রয়েছে, তাকে সেই অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দুপক্ষই এটা মেনে নিয়েছে।