আদালতের রায় পুনর্বিবেচনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসে স্ট্রবেরি খামারে বাংলাদেশের ২৮ জন শ্রমিককে গুলি করা সংক্রান্ত মামলায় সেখানকার একটি আদালতের রায় পুনর্বিবেচনার দাবি জানিয়েছে ন্যাশনাল অ্যালায়েন্স ফর মাইগ্রেন্টস রাইটস, বাংলাদেশ (এনএএমআরবি)।

গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশে অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে এমন কয়েকটি সংগঠনের এ জোট এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায়।

এ-সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ন্যায়নীতি উপেক্ষা করে সেখানকার আদালত স্থানীয় খামার মালিক ও তার সহযোগীদের নামমাত্র শাস্তি দিয়েছেন। তাই আমরা জোর দাবি জানাচ্ছি, গ্রিসের সুপ্রিম কোর্ট রায়টি পুনর্বিবেচনা করবেন, যাতে করে ওই শ্রমিকেরা সুবিচার পান।’

একই সঙ্গে জোটের পক্ষ থেকে সরকারের কাছে বিদেশে কর্মরত শ্রমিকদের অধিকার রক্ষা, সেখানকার কর্মপরিবেশ, কর্মক্ষেত্রে ঝুঁকি, অসুস্থতা, মৃত্যু ইত্যাদি বিষয় পর্যবেক্ষণের ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত বছরের ১৭ এপ্রিল শ্রমিকদের ওপর গুলির পর গ্রিসের পারাটাসের একটি আদালতে শ্রমিক পাচার, অবৈধ আগ্নেয়াস্ত্র রাখা ও নিয়োগ আইন ভঙ্গের মামলার পর সেই খামার মালিক ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করা হয়। পরে শ্রমিক পাচারের বিষয়টি মিথ্যা প্রমাণিত হওয়ায় খামারমালিককে আদালত বেকসুর খালাস দেন। আর যে দুজন গুলি ছুড়েছিল তারা প্রাথমিকভাবে ১৮ এবং আট বছরের সাজাপ্রাপ্ত হলেও পরে আপিলের মাধ্যমে ছাড়া পেয়ে যায়।

তাই গ্রিস সরকারের কাছে রায়টি পুনর্বিবেচনা করে ক্ষতিগ্রস্ত অভিবাসী শ্রমিকদের ক্ষতিপূরণের ব্যবস্থা ও পর্যাপ্ত আইনি সহায়তা নিশ্চিত করার দাবি জানায় এনএএমআরবি।