আদালতের রায় পেয়ে প্রচারণায় জাপার প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রার্থিতা বাতিল হওয়ার পর উচ্চ আদালতের রায় পেয়ে নির্বাচনের সাত দিন আগে প্রচারণা শুরু করেছেন নীলফামার-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী। গতকাল রোববার দুপুর থেকে মাইকযোগে তাঁর প্রচারণা শুরু হয়।

আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে জাতীয় পার্টির  প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন জাফর ইকবাল। ৫ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইকালে ঋণখেলাপির অভিযোগে জাফর ইকবালের মনোনয়নপত্র বাতিল করে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে জাফর ইকবাল এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করলে গত বৃহস্পতিবার তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন আদালত।

এ ব্যাপারে জাফর ইকবাল সিদ্দিকী বলেন, ‘উচ্চ আদালতের রায়ের পর নির্বাচন কমিশন গতকাল দুপুরে আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করলে নির্বাচনী এলাকার নেতা-কর্মীরা প্রচারণা শুরু করে দেন। আমি কাল (আজ) সোমবার এলাকায় গিয়ে প্রচারণায় অংশ নেব।’

এই আসনে আওয়ামী লীগের প্রার্থী আফতাব উদ্দিন সরকার ও জাসদের প্রার্থী খায়রুল আলম নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

জানতে চাইলে নীলফামারী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জাকীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে এখনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেব।’ ওই আসনের ব্যালট পেপার ইতিমধ্যে চলে এলেও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।