আদালতের রায় পেয়েও চাকরি ফিরে পাচ্ছেন না
আদালতের রায় পাওয়ার পরেও চাকরি করতে পারছেন না মহল্লাদার আবুল কালাম চৌকিদার। পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাকে তাঁর পদে পুনর্বহাল করছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। আবুল কালাম গলাচিপা ইউপির চার নম্বর ওয়ার্ডের মহল্লাদার (গ্রাম পুলিশ) পদে কাজ করতেন। পাঁচ হাজার টাকা দেওয়ার কথা বলে ২০০৩ সালের ৩০ জুন গলাচিপা ইউপির চেয়ারম্যান মু. নাসির উদ্দিন তাঁর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেন। পরে কৌশলে চেয়ারম্যান ওই কাগজে ইস্তফাপত্র লিখে তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেন। চাকরি ফিরে পেতে নাসির উদ্দিনের বিরুদ্ধে গলাচিপা সহকারী জজ আদালতে তিনি ২০০৫ সালের ১৪ নভেম্বর মামলা করেন। গলাচিপা সহকারী জজ আদালতের বিচারক ২০১০ সালের ১৮ মে মামলার রায় ঘোষণা করেন। বিচারক তাঁর রায়ে উল্লেখ করেন, ‘এতদ্বারা বাদিকে (আবুল কালাম চৌকিদার) গলাচিপা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মহল্লাদার পদে পুনর্বহাল করার নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এক নম্বর বিবাদিকে (চেয়ারম্যান মু. নাসির উদ্দিনকে) নির্দেশ প্রদান করা হইল।’ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, ‘আবুল কালাম স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। ওই পদে ইতিমধ্যে অন্য লোক নিয়োগ করা হয়েছে। আদালতের রায়ের কথা আমি শুনেছি। কিন্তু লিখিত কোনো নোটিশ পাইনি।’