আদালতের রায়ে সিবিএ নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের সিবিএ নির্বাচন স্থগিত করেছেন শ্রম আদালত। আগামীকাল বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব সার্কেলের উপ-করকর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান চট্টগ্রাম শ্রম আদালতে নির্বাচনের বিরুদ্ধে মামলা করেন। আদালত পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার আদেশ দেন।মামলার আরজিতে বলা হয়, সিবিএ নির্বাচনে ভোটার হিসেবে এক হাজার ৩৩৯ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ভোটার তালিকা থেকে বাদ গেছেন ৩২ জন। অনেক ভোটারের পরিচয়ের ক্ষেত্রেও ভুল তথ্য দেওয়া হয়েছে। আরজিতে উল্লেখ করা হয়, ভোটার তালিকার ৫৪৫ নম্বর ভোটারের নাম সিরাজুল ইসলাম। অথচ তিনি অনেক আগেই মারা গেছেন। ৫৬ নম্বর ভোটারের নাম আহমদ হোসেন। কিন্তু তাঁর বাবার নাম উল্লেখ করা হয়েছে মোহন কর্মকার। ৫৮৮ নম্বর ভোটার তাজুল ইসলাম, ৫৮৯ নম্বর নুরুল হক, ৬০১ নম্বর মাহমুদুল হক, ৯১৪ নম্বর আবুল কাসেম খান চাকরি থেকে অবসর নিয়েছেন। দিদারুল আলম নামের এক ভোটারের নাম দুইবার অন্তর্ভুক্ত করা হয়েছে। তা ছাড়া কর্মচারীদের সিবিএ নির্বাচনের ভোটার তালিকায় দুইজন পরিচ্ছন্ন তত্ত্বাবধায়ক কর্মকর্তার নাম রয়েছে। আরজিতে বলা হয়, এসব ত্রুটি সারিয়ে নতুন তালিকা প্রণয়নের জন্য বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ তাতে রাজি হয়নি। তাই ন্যায়বিচারের স্বার্থে বাদী শ্রম আদালতে মামলা করেন।