আদালতের রায়ের পর রাজনৈতিক প্রভাব কমতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার ব্যাপারে হাইকোর্টের রায়ের ফলে রাজনৈতিক প্রভাব কমতে পারে। কারণ একজন সাংসদ ইচ্ছা প্রকাশ করলেই যেমন ব্যবস্থাপনা বা পরিচালনা কমিটির সভাপতি হতে পারবেন না, তেমনি শিক্ষা বোর্ড চাইলে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কমিটি গঠন করতে পারবে না।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এমনটা মন্তব্য করলেও প্রকাশ্যে কিছু বলতে চাননি। শিক্ষামন্ত্রীসহ সবাই এখন রায়ের কপির অপেক্ষায় আছেন।
শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, উচ্চ আদালতের দেওয়া এমন রায়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ কিছুটা কমবে। শিক্ষক, শিক্ষাবিদ ও শিক্ষাসংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা নিয়ে রাজনৈতিক কর্তৃত্ব ও খবরদারি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ রায় কিছুটা স্বস্তি আনতে পারে। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রায় ঘোষণার পর সাংবাদিকদের বলেছেন, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।
তবে শিক্ষা মন্ত্রণালয় কয়েক মাস আগে পরিচালনা কমিটির ক্ষমতা খর্ব করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এই সিদ্ধান্তের আগে পরিচালনা কমিটিতে ঢোকার জন্য রাজনৈতিক নেতাদের যে আগ্রহ ছিল, সেটা কিছুটা হলেও কমে গেছে। কারণ, অনেকে নিয়োগ-বাণিজ্য করার জন্যই পরিচালনা কমিটিতে যুক্ত হতেন বলে বিস্তর অভিযোগ আছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, দেশে প্রায় ৩৭ হাজার বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এগুলোর বেশির ভাগই নিয়ন্ত্রণ করেন স্থানীয় সাংসদ কিংবা তাঁদের সমর্থনপুষ্ট রাজনৈতিক ব্যক্তিরা। একজন সাংসদ তাঁর নিজ নির্বাচনী এলাকার সর্বোচ্চ চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে পারেন। তবে তাঁর নির্বাচনী এলাকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি কে হবেন, তা সাংসদের ইচ্ছা বা পরামর্শেই ঠিক হয়। আর এই প্রক্রিয়ায় দেশের বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি দলের স্থানীয় নেতারা ঢুকে পড়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, এর উন্নয়ন কর্মকাণ্ডসহ আর্থিক বিষয়ে নেতারা সম্পৃক্ত হওয়ায় বড় বা সচ্ছল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনিয়ম ও দুর্নীতির অসংখ্য অভিযোগ রয়েছে। আর শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষকদের অনেকেই প্রভাবশালী সাংসদ ও স্থানীয় নেতাদের হাতে জিম্মি হয়ে পড়ছেন।
এ প্রসঙ্গে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, দু-একটি সম্মানজনক ব্যতিক্রম বাদে প্রধান শিক্ষক বা অধ্যক্ষ ব্যবস্থাপনা কমিটি বা গভর্নিং বডির সভাপতি বা প্রভাবশালী সদস্যের কাছে তুচ্ছতাচ্ছিল্য ও অবহেলার শিকার হন। শিক্ষকদের সঙ্গে পিয়ন-চাপরাসির মতো ব্যবহার করা হয়। এর পরিপ্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা কমিটিতে পরিবর্তন দরকার। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের নেতৃত্বেই ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হবে। আর জনপ্রতিনিধি অথবা প্রযোজ্য ক্ষেত্রে প্রশাসনের কর্মকর্তাকে প্রধান করে শিক্ষাপ্রতিষ্ঠানের উপদেষ্টা কমিটি থাকবে। এ ছাড়া অভ্যন্তরীণ ও পাবলিক পরীক্ষা পরিচালনা, আর্থিক শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য পৃথক কমিটি গঠন করতে হবে।
সর্বশেষ ২০০৯ সালের জুনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা তৈরি হয়। ওই প্রবিধান অনুযায়ী, একজন সাংসদ সর্বোচ্চ চারটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে পারছেন। তবে এর আগে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে সাংসদেরা যতগুলো খুশি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতেন। ওই সময়ে কয়েকজন প্রভাবশালী সাংসদ ১৬ থেকে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হয়েছিলেন।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নতুন এই প্রবিধান চালু করে। ওই প্রবিধানের ৫(২) ধারা আদালত অবৈধ ঘোষণা করায় এখন সাংসদেরা অভিপ্রায় ব্যক্ত করলেই আর সর্বোচ্চ চারটি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন না। তবে ৫(১) বিধি অনুসারে সাংসদদের সর্বোচ্চ চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হতে বাধা নেই।
আদালতের আদেশের পর এখন চারটি প্রতিষ্ঠানের সভাপতি সাংসদ হতে পারেন, তবে তাঁকে নির্বাচিত হতে হবে। সে ক্ষেত্রে পরিচালনা কমিটির অন্যান্য সদস্যের ভোটে তাঁকে সভাপতি নির্বাচিত হতে হবে।
এখনকার প্রবিধানে উল্লেখ না থাকলেও একজন সাংসদ অনানুষ্ঠানিক চিঠি দিয়ে নিজ দলের স্থানীয় কোনো নেতার নাম উল্লেখ করে তাঁকে সভাপতি বা সদস্য করার অনুরোধ জানান। এই অনুরোধ শিক্ষা বোর্ড সচরাচর উপেক্ষা করে না। বরং সাংসদের চিঠিকে তারা গুরুত্ব দেয়, অনেক ক্ষেত্রে প্রার্থীকে স্থানীয় সাংসদের ডিও নিয়ে আসতে বলা হয়।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমেদ প্রথম আলোকে বলেন, সাংসদদের শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হওয়ার রেওয়াজ বন্ধ করতে হবে। এই অভিজ্ঞতা কোনো সরকারের সময়েই ভালো হয়নি। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের চেয়ে প্রতিষ্ঠানের ওপর রাজনৈতিক প্রভাব বেশি কাজ করে। তাঁর মতে, শিক্ষার সঙ্গে জড়িত এবং শিক্ষানুরাগীদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার নেতৃত্বে আসা উচিত। প্রবিধানে এই সুযোগ থাকলেও রাজনৈতিক চাপে তাঁরা হারিয়ে যান।
এদিকে হাইকোর্ট গতকাল বিশেষ ধরনের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি-সংক্রান্ত প্রবিধানমালার ৫০ বিধি বাতিল করেছেন। এতে বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে বোর্ড ও সরকারের পূর্বানুমোদনক্রমে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ ধরনের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠন করা যাবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষেত্রবিশেষ নিয়ন্ত্রণে রাখতে সরকার বা বোর্ড এই বিধি ব্যবহার করত।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন প্রথম আলোকে বলেন, আদালতের রায় হাতে পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করা হবে। তবে তাঁর ব্যক্তিগত মত হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে বোর্ডের হাতে না হলেও সরকারের হাতে বিশেষ কমিটি করার এখতিয়ার রাখতে হবে। এ প্রসঙ্গে তিনি নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের কথা উল্লেখ করেন।
রায় ঘোষণার পর রিট আবেদনকারী আইনজীবী ইউনূছ আলী আকন্দ প্রথম আলোকে বলেন, এ রায়ের ফলে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বাণিজ্য বন্ধ হবে।