আদালতের শীর্ষ পর্যন্ত বিতর্কিত হয়ে পড়েছেন দায়ী বিচারকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্য প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু আদালতের শীর্ষ পর্যায় পর্যন্ত বিতর্কিত হয়ে পড়েছে। আর এ জন্য বিচারকেরাই দায়ী। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিচারক নিয়োগের নতুন নীতিমালা তৈরি করতে হবে। দলীয় লোক যাতে বিচারক হতে না পারেন, তা নিশ্চিত করতে হবে। জাতীয় প্রেসক্লাবে গতকাল শুক্রবার এনার্জি সলিউশন অব বাংলাদেশ (ইএসবি) আয়োজিত ‘গণতন্ত্র, মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের কারাবন্দিত্বের ছয় মাস উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক শফিক রেহমান। ‘নেড়ি কুকুরের চোখে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা’ শীর্ষক প্রবন্ধে তিনি বলেন, সরকার এখন টর্চার-কালচার চালু করেছে। এসবের বিরুদ্ধে মিডিয়াকে সোচ্চার হতে হবে।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, ‘কারও বিরুদ্ধে অভিযোগ না করেই বলছি, সর্বোচ্চ আদালতকে বিতর্কিত করতে কিছু বিচারপতিও দায়ী। জাতীয় অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান বলেন, ‘এই বাংলাদেশে শেখ মুজিবের দৌহিত্রের বিষয়ে যেকোনো সত্য প্রকাশের সাহস দেখিয়েই মাহমুদুর রহমান আদর্শ হয়ে উঠেছেন।’ সাংবাদিক মাহফুজউল্লাহ বলেন, আদালতের সৎ সাহস নেই বলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার রায়ের পূর্ণাঙ্গ বিবরণ এখনো প্রকাশ করেননি। জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ বলেন, আদালত আক্রমণাত্মক হয়েছে। এটা উদ্বেগের বিষয়।