আদালতের সঙ্গে আসামির প্রতারণা!
গাঁজাসহ ধরা পড়ার মামলায় চট্টগ্রাম মহানগর হাকিম আদালত আসামি মো. শুক্কুর আলীকে ছয় মাসের কারাদণ্ড দেন। সাজা ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। কিছুদিন পর ধরা পড়ে কারাগারে যান। কারাগারে থাকা অবস্থায় সাজার বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন। এর মধ্যে জামিনে বেরিয়ে যান তিনি।
শুক্কুর আলীর আপিল আবেদনটি মহানগর দায়রা জজ আদালত থেকে বিভাগীয় বিশেষ জজ আদালতে স্থানান্তর করা হয়। আপিলের রায়ে আদালত তাঁর সাজা বহাল রাখেন। এরপর আবারও গ্রেপ্তার হয়ে কারাগারে যান শুক্কুর আলী। এ সময়ই প্রতারণার আশ্রয় নেন তিনি। আগের আপিলের বিষয়টি গোপন করে আবারও মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন। আপিল শুনানির আগেই আবার জামিনে বেরিয়ে যান তিনি। গত বুধবার আপিল শুনানির ধার্য দিন ছিল। শুনানির সময় প্রতারণার বিষয়টি আদালতের নজরে আসে। তাঁর জামিন বাতিল করে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাঁর আইনজীবীকেও সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূরের আদালতে এ ঘটনা ঘটে।
বুধবার দুপুরে আদালত প্রাঙ্গণে মো. শুক্কুর আলী প্রথম আলোকে বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। সাজা থেকে বাঁচতে আপিলের তথ্য গোপন করেছিলাম।’
আদালত সূত্র জানায়, ২০১১ সালের ২ ফেব্রুয়ারি বায়েজিদ বোস্তামী থানার ডেবারপাড় এলাকা থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ শুক্কুর আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় করা মামলায় ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর তৎকালীন চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ রহমত আলী আসামির অনুপস্থিতিতে রায় দেন। রায়ে আসামি শুক্কুরকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেন। দেড় মাসের মাথায় ২০১৫ সালের ৮ নভেম্বর শুক্কুরকে গ্রেপ্তার করে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ১৮ নভেম্বর আসামি রায়ের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে প্রথম দফায় আপিল করেন। শুক্কুরের করা আপিল আবেদন শুনানির জন্য স্থানান্তরের পর ২০১৬ সালের ২৫ মে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন তাঁর অনুপস্থিতিতে আপিলের রায় দেন।
আদালত সূত্র জানায়, গত বছরের ৯ নভেম্বর শুক্কুরকে গ্রেপ্তার করে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ২২ নভেম্বর শুক্কুর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মহানগর হাকিম আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে দ্বিতীয় দফায় আপিল করেন।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, আসামি সাজা থেকে বাঁচতে আদালতের সঙ্গে প্রতারণার আশ্রয় নেন। এটি আরও একটি অপরাধ।
এ বিষয়ে আসামির আইনজীবী মুহাম্মদ জাফরুল্লাহ খান বলেন, সাজার বিরুদ্ধে প্রথমে আপিল করার তথ্য আসামি তাঁকে বলেননি। তিনি দুঃখ প্রকাশ করে আদালতের কাছে ক্ষমা চেয়েছেন। কারণ দর্শানোরও জবাব দেবেন তিনি।