আদালতের স্থিতাবস্থা সত্ত্বেও জমি দখল করল আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগর আওয়ামী লীগের বিরুদ্ধে আদালতের আদেশ অমান্য করে এক ব্যক্তির জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে।
ওই জমির দাবিদার রাজশাহী নগরের দরগাপাড়া এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম ওরফে পলাশ। তিনি জানান, তিনি পৈতৃক সূত্রে ৬০ বছর ধরে এ জমি ভোগদখল করে আসছিলেন। ভুলবশত আরএস খতিয়ান সরকারের নামে হয়ে যাওয়ায় তারা মালিকানা সংশোধনের জন্য ২০০৭ সালে রাজশাহী সদর সহকারী জজ আদালতে মামলা করেন। ২০১০ সালে মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত ওই জমির ওপর স্থিতাবস্থা জারি করেন। সরকারপক্ষ এর বিরুদ্ধে আপিল করলে জেলা জজ আদালত নিম্ন আদালতের আদেশ বহাল রাখেন।
এরই মধ্যে ২০১২ সালের ১০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টানিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগ জমিটি দখল করে নেয়। সেই সঙ্গে ‘এই জায়গা রাজশাহী মহানগর আওয়ামী লীগের নিজস্ব সম্পত্তি’ শিরোনামে ব্যানারও টানানো হয়। পরদিন থেকে তারা সেখানে সীমানাপ্রাচীর নির্মাণকাজ শুরু করে। ওই দিন আশরাফুল এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন। বিভিন্ন পত্রিকায় এ বিষয়ে খবর ছাপা হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়। সে সময় তারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে নেয় এবং নির্মাণকাজও বন্ধ করে। কিন্তু মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের ব্যানারটি আর সরানো হয়নি।
আশরাফুল জানান, এরই মধ্যে আদালতের স্থিতাবস্থার সব তথ্য গোপন করে আওয়ামী লীগের পক্ষ থেকে জমিটি ইজারা নেওয়ার জন্য অনুমতি নেওয়া হয় এবং টাকাও জমা দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে তিনি এর বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেন। আদালত গত বছরের ১৮ এপ্রিল তাদের (আওয়ামী লীগ ও প্রশাসন) বিরুদ্ধে একটি রুল জারি করেন এবং ছয় মাসের জন্য ওই জমির ওপর স্থিতাবস্থা জারি করেন। পরবর্তী সময় ৭ জুলাই মোকদ্দমা নিষ্পত্তি না হওয়ার পর্যন্ত আদালত স্থায়ী স্থিতাবস্থা জরি করেন।
গত ১৭ ফেব্রুয়ারি ওই জমিতে অবস্থিত আশরাফুল ইসলামের মোটরসাইকেল গ্যারেজের সীমানাপ্রাচীর ভেঙে সেখানে মহানন্দা স্পেশাল পরিবহনের দুটি বাস রাখা হয়। আশরাফুল অভিযোগ করেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নির্দেশে রাজশাহী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান ওরফে পিটার লোকজন নিয়ে এসে এই জমিতে বাস কাউন্টার চালু করেন। সেদিন আশরাফুল এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।
এরপর আদালতের স্থিতাবস্থা অমান্য করে ওই জমির দখল নেওয়ার অভিযোগে গত ১৮ জুন হাইকোর্টে রাজশাহী জেলা প্রশাসক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকসহ সাতজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন আশরাফুল। মামলাটি জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলাম ও আশরাফুল কামালের বেঞ্চে শুনানির অপেক্ষায় রয়েছে।
রাজশাহী জেলা প্রশাসনের কার্যালয় জানায়, ৫ জুন রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে রেভিনিউ ডেপুটি কালেক্টর শিমুল আক্তার রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে চিঠি দিয়েছেন। এতে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী স্থিতাবস্থা ভঙ্গ না করে সম্পত্তিটিকে আগের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, ওই জমিতে টানানো মহানগর আওয়ামী লীগের ব্যানার রয়েছে। সীমানাপ্রাচীরের ভেতরে মহানন্দা স্পেশাল পরিবহনের দুটি বাস রাখা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার তানভীর হায়দার চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বোয়ালিয়া থানায় কথা বলতে বলেন। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহান বলেন, তাঁরা প্রশাসনের নোটিশ পেয়েছেন।
এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, জেলা প্রশাসনের কোনো নোটিশ পেয়েছেন বলে তাঁর মনে পড়ছে না। পেলে অবশ্যই তাঁরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।