স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী আদালতের স্বাধীনতা ক্ষুণ্ন করেনি, বরং এর মাধ্যমে সুসংহত করা হয়েছিল। সংসদ অকার্যকর বলা কার্যকর গণতন্ত্র ও জনগণকে অবজ্ঞা করার শামিল। সংসদীয় গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হচ্ছে সংসদ। সংবিধান সংশোধনের ক্ষমতা সংবিধান আইনসভার ওপরেই ন্যস্ত করেছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের ১৭তম অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, ‘আজকে যদি বাংলাদেশের এমন কোনো চিত্র উপস্থাপন করা হয় যে এখানে মানবাধিকার সংকটাপন্ন, সংসদ অকার্যকর, প্রশাসনিক অব্যবস্থাপনা, ব্যাপক দুর্নীতি ও বিচার বিভাগ প্রায় ডুবন্ত তা সম্পূর্ণভাবে বাস্তবতাবিবর্জিত। এটি বর্তমান বাংলাদেশকে কোনোভাবেই চিত্রায়িত করে না। আমি স্পষ্টভাবে বলতে চাই, এটি কোনোক্রমেই বাংলাদেশের প্রকৃত চিত্র বা অবস্থা নয়।’
স্পিকার বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস তুলে ধরে বলেন, রক্তভেজা ১৯৭২ সালের সংবিধান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান। তিনি রাষ্ট্রের তিন অঙ্গের সম্পর্ক বিষয়ে বলেন, সংবিধানে প্রতিটি অঙ্গের ক্ষমতা সুনির্দিষ্ট করে দেওয়া আছে। কোনোটিই সংবিধানপ্রদত্ত ক্ষমতার লঙ্ঘন করতে পারে না। প্রতিটি অঙ্গের একের প্রতি অন্যের শ্রদ্ধাবোধ থাকা গুরুত্বপূর্ণ। কোনো একটি অঙ্গের দ্বারা অন্য অঙ্গকে কটাক্ষ করা কাম্য নয়।
সংবিধানের ষোড়শ সংশোধনী পাসের বিষয়ে স্পিকার বলেন, এই সংসদ ষোড়শ সংশোধনীর মাধ্যমে ১৯৭২-এর সংবিধানে থাকা ৯৬ অনুচ্ছেদ ফিরিয়ে এনেছে। কোনো কিছু যোগ করেনি। এর মাধ্যমে বিচারক অপসারণের যে বিধান করা হয়েছিল, তা কোনোভাবেই বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করে না, বরং সুসংহত করে।
ষোড়শ সংশোধনীতে থাকা নানা সুরক্ষার কথা উল্লেখ করে শিরীন শারমিন বলেন, এর মধ্যে যেসব উপাদান রয়েছে তাতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ৯৬ অনুচ্ছেদ প্রয়োগের সুযোগ নেই। সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বিচারক অপসারণ কখনোই সম্ভব নয়। বরং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ব্যবস্থা বিচারক অপসারণের ক্ষমতা প্রধান বিচারপতির নেতৃত্বে তিনজন বিচারপতির ওপর ন্যস্ত। এর মাধ্যমে ক্ষমতা কেন্দ্রীভূত করা হয়েছে এবং এর প্রবণতা দেখা যায়।
স্পিকার বলেন, সংসদ সদস্যরা জনগণের কাছে দায়বদ্ধ। আর নির্বাহী বিভাগ সংসদের কাছে দায়বদ্ধ। বিচার বিভাগেরও দায়বদ্ধতা গুরুত্বপূর্ণ।