আদালতের হাজত পালানো অপর আসামিও গ্রেপ্তার
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় আদালতের হাজত থেকে পালিয়ে যাওয়া অপর আসামি খারাক মারাককেও (৩০) পুলিশ গ্রেপ্তার করেছে। বারহাট্টা উপজেলার সিংধা গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার সন্ধ্যায় পাশের নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রাম থেকে হরেশ মারাককে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতীয় নাগরিক খারাক ও হরেশকে পিস্তলের ১২টি গুলি, ভারতীয় পাঁচ হাজার রুপিসহ উপজেলার মহিষখলা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্পের সামনে থেকে বিজিবির সদস্যরা গত ৩০ মে আটক করেন। তাঁদের বিরুদ্ধে মধ্যনগর থানায় অস্ত্র আইন ও অনুপ্রবেশের অভিযোগে দুটি মামলা করা হয়। গত মঙ্গলবার অনুপ্রবেশের মামলায় সাক্ষীর দিন ধার্য ছিল। সুনামগঞ্জ থেকে পুলিশের পাহারায় তাঁদের এখানে নিয়ে আসা হয়। আদালতের কার্যক্রম শেষে রাতে তাঁদের লঞ্চে করে সুনামগঞ্জ নেওয়ার কথা ছিল। কিন্তু হাজতখানার পূর্ব পাশের জানালার রড ভেঙে ও শরীর থেকে ডান্ডাবেড়ি খুলে মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে তাঁরা পালিয়ে যান। এ ঘটনায় আদালতের জেনারেল রেজিস্ট্রেশন অফিসারের (জিআরও) দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) ও জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এক এএসআই ও চার কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়।ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আলী খান প্রথম আলোকে জানান, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য ওই দুই আসামিকে বৃহস্পতিবার গতকাল দুপুর ১২টায় ধরমপাশার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আ ন ম ইলিয়াছের আদালতে পাঠানো হয়েছে।