আদায় করা টাকা উদ্ধার করে ফেরত দিলেন সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লী বিদ্যুতের সংযোগ এনে দেওয়ার কথা বলে দেড় শতাধিক গ্রাহকের কাছ থেকে আওয়ামী লীগের এক কর্মী ২ লাখ ২৫ হাজার টাকা আদায় করেন। সেই টাকা উদ্ধার করে গ্রাহকদের ফেরত দিয়েছেন নাটোর-৪ আসনের সাংসদ আবদুল কুদ্দুস।
সাংসদ গত মঙ্গলবার সন্ধ্যায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার চড়ইকুল দাখিল মাদ্রাসা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে খামে ভরে প্রত্যেক গ্রাহককে তাঁদের টাকা ফেরত দেন। এরপর বিদ্যুৎ বিতরণ উদ্বোধন করেন। এতে ৩৪২টি বাড়িতে জ্বলে বিজলিবাতি।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (বনপাড়া) কার্যালয় সূত্রে জানা গেছে, এক বছরেরও আগে বড়াইগ্রাম উপজেলার চড়ইকুল, উপলশহর, রয়নাভরট, খাসখামার ও লক্ষ্মীপুর এলাকার গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করার লক্ষ্যে সরকারি অর্থায়নে ৪ দশমিক ৮৩৫ কিলোমিটার বিদ্যুৎ সরবরাহ লাইন স্থাপন করা হয়। এতে সরকারের ব্যয় হয় ১ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৫০০ টাকা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা বলে লাইন স্থাপনের সময় স্থানীয় আওয়ামী লীগের কর্মী সাইফুল ইসলাম ১৫৬ জন গ্রাহকের কাছ থেকে ২ লাখ ২৫ হাজার টাকা চাঁদা তোলেন। ঘটনাটি নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুসকে অবহিত করা হয়। তিনি ওই কর্মীকে গ্রাহকদের টাকা ফেরত দিতে বলেন। সেই সঙ্গে টাকা শোধ না হওয়া পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ না করার জন্য সমিতিকে মৌখিক নির্দেশ দেন। এ কারণে সাত মাস আগে বিদ্যুৎ সরবরাহ লাইন স্থাপন শেষ হলেও এত দিন উদ্বোধন করা হয়নি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, সাইফুল ইসলাম আওয়ামী লীগের কোনো পদে নেই। তবে দলের একজন কর্মী হিসেবে অনেকেই তাঁকে চেনেন। গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার এ ঘটনার পর দলে তাঁকে আর প্রশ্রয় দেওয়া হবে না।
সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি মুঠোফোনের সংযোগ কেটে দেন।
সাংসদ আবদুল কুদ্দুস বলেন, টাকা আদায়কারীর বিরুদ্ধে কেউ আইনগত ব্যবস্থা নিতে পুলিশের কাছে অভিযোগ করতে পারেন।