আদায় চার টাকা রসিদ তিন টাকার
ফরিদপুর সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র বাবদ নেওয়া টাকার রসিদ দেওয়া হয়েছে। তবে প্রতি সেট প্রশ্নপত্রের জন্য চার টাকা হারে নেওয়া হলেও রসিদ দেওয়া হয়েছে তিন টাকা হারে। গত শনিবার দুপুরে শহরের ঝিলটুলিতে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে সদর উপজেলার ১৬২ জন প্রধান শিক্ষককে ৪৪ হাজার শিক্ষার্থীর প্রশ্নপত্র বাবদ এ রসিদ প্রদান করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম।
রসিদ গ্রহণকারী শিক্ষকেরা জানান, রসিদ প্রদানের আগে তিন টাকা হারে নেওয়া হয়েছে মর্মে তাঁদের কাছ থেকে লিখিত একটি কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়।
গত ২৩ এপ্রিল সদর উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা তাঁর প্রতিনিধি প্রশ্নপত্র সংগ্রহ করেন। এতে পরীক্ষা কমিটির সদস্যসচিব সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম প্রত্যেক শিক্ষার্থীর প্রশ্নপত্র বাবদ চার টাকা করে আদায় করেন। যদিও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী তিন টাকা করে নেওয়ার কথা।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে শিক্ষকেরা নিজেদের উদ্যোগে লিখিত দিলে আমার করণীয় কিছু নেই।’ তিনি দাবি করেন, প্রশ্নপত্র বাবদ তিন টাকা হারে নেওয়া হয়েছে।
১ মে প্রথম আলোয় ‘ফরিদপুরে প্রাথমিক সাময়িক পরীক্ষার প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।