আদি যমুনায় প্রবাহ সৃষ্টির দাবিতে পদযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদি যমুনা নদীতে প্রবাহ সৃষ্টির দাবিতে সাতক্ষীরার শ্যামনগর সদরে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। গতকাল বৃহস্পতিবার যমুনা বাঁচাও আন্দোলন কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।সকাল থেকে বিভিন্ন এলাকার মানুষ ছোট ছোট দলে পদযাত্রা করে শ্যামনগর উপজেলা সদরে সমবেত হন। পরে কয়েক শ মানুষ শ্যামনগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগর উপজেলা পরিষদে উপস্থিত সাংসদ এইচ এম গোলাম রেজা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দৌলতুজ্জামান খানের কাছে স্মারকলিপি পেশ করেন।এ সময় যমুনা বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনছুর রহমান, মুক্তিযোদ্ধা শেখ হারুন-অর-রশীদ, বেসরকারি সংস্থা প্রগতির কর্মসূচি কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম, সুপর্ণা কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।সাংসদ এইচ এম গোলাম রেজা জানান, আদি যমুনা উন্মুক্ত করার দাবি এখন এলাকার অধিকাংশ মানুষের। ইতিমধ্যে শ্যামনগর সদরে যমুনা নদীর ওপর দুটি সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। শ্যামনগর উপজেলা সদরে ঈদগাহ ও শ্মশানের সামনের সড়কের ওপর সেতু নির্মাণের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।শ্যামনগর আতরজান মহিলা কলেজের অধ্যক্ষ আশেক-ই-ইলাহী জানান, আদি যমুনার মাঝখান দিয়ে শ্যামনগর-মুন্সীগঞ্জ সড়ক তৈরি করা হয়েছে। আদি যমুনায় প্রবাহ সৃষ্টি করলে সড়ক কেটে সেখানে সেতু নির্মাণ করতে হবে। কারণ, সড়কে দুপাশে যমুনা নদী বিদ্যমান আছে।