আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসকশূন্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন দিন ধরে কোনো চিকিৎসক নেই। ৩১ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ ও মহিলা ওয়ার্ডে ১১ জন রোগী ভর্তি রয়েছে। বহির্বিভাগে প্রতিদিন শ খানেক রোগী আসে। চিকিৎসক না পেয়ে তারা বিরক্ত হয়ে ফিরে যায়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাসপাতালের আবাসিক কর্মকর্তার পদটি তিন মাস ধরে শূন্য রয়েছে। এ ছাড়া দুজন চিকিৎসা কর্মকর্তা, একজন দন্ত চিকিৎসক, পাঁচজন কনসালটেন্ট ও দুজন মেডিকেল সহকারীর পদে দীর্ঘদিন ধরে কেউ নেই। সব শেষে দুজন চিকিৎসক সেখানে কর্মরত ছিলেন। তাঁরা হলেন আতিয়ার রহমান ও হাসানুল আদম।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতিয়ার রহমান ১৬ মে সকালে সিভিল সার্জনের দপ্তরে গিয়ে তাৎক্ষণিক বদলির বিপরীতে দায়িত্ব হস্তান্তর করেন। পরদিন সকালে স্বাস্থ্য কর্মকর্তা হাসানুল আদমও লালমনিরহাট সদর হাসপাতালে বদলি হয়ে যান। এর পর থেকে হাসপাতালটি চিকিৎসকশূন্য রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য বিভাগের একাধিক সূত্র থেকে অভিযোগ পাওয়া গেছে, অনৈতিক সুযোগ-সুবিধা নিয়ে হাসপাতালটিকে চিকিৎসকশূন্য হতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছেন লালমনিরহাটের বর্তমান সিভিল সার্জন মো. মোকছেদ আলী। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।